সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০১৫ সাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, গত জুন মাসটি ছিল স্মরণকালের মধ্যে উষ্ণতম জুন মাস। এ বছরের প্রথম ছয় মাসেও রেকর্ড পরিমাণ গরম পড়েছিল। খবর গার্ডিয়ানের।
গরমের এই রেকর্ডের তথ্য তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সংস্থার জলবায়ু বিশেষজ্ঞ জেসিকা ব্লানডেন বলেন, ২০১৫ সালটি সবচেয়ে বেশি গরমের বছর হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এখন প্রতি মাসে গরমের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। জুন মাসে চতুর্থবারের মতো গরমের রেকর্ড সৃষ্টি হয়েছে।
এনওএএর হিসাব অনুযায়ী, গত জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ৬১ দশমিক ৪৮ ডিগ্রি ফারেনহাইট। এর আগের রেকর্ডের চেয়ে এটি ০ দশমিক ২২ ফারেনহাইট বেশি। গত জুন মাসে বিশ্বের সব দেশেই গরম বেড়েছিল। পাকিস্তানের দক্ষিণ অংশে জুন মাসে দাবদাহে ১২০০ মানুষের মৃত্যু হয়। আর গত মে মাসে ভারতে দাবদাহে মৃত্যু হয় দুই হাজার মানুষের।