সবচেয়ে বেশি ক্ষতি পরিবেশ খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

সরকারের প্রথম ১০০ দিনে ডোনাল্ড ট্রাম্পের অর্জনের খাতায় খুব সামান্য থাকলেও ক্ষতির খাতায় রয়েছে বিস্তর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পরিবেশ নিয়ন্ত্রণ খাত। এই স্বল্প সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন গত আট বছরে পরিবেশ সংরক্ষণে যে অগ্রগতি হয়েছিল, তার অনেক কিছুই হুমকির মুখে ঠেলে দিয়েছেন। এমনকি প্যারিসে জলবায়ু পরিবর্তন প্রশ্নে গত বছর যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, তা থেকে বেরিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
পরিবেশবাদী ও বিজ্ঞানীরা বলছেন, ট্রাম্পের নীতিমালা বাস্তবায়িত হলে পরিবেশের ক্ষতি হবে অপূরণীয়। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো তাঁর জীবদ্দশায় এর জন্য তেমন কোনো দুর্ভোগ পোহাবেন না, কিন্তু পরবর্তী প্রজন্মকে এ জন্য কড়া মাশুল দিতে হবে।
ট্রাম্প ইতিমধ্যে ওবামার পরিবেশ ও জলবায়ু নীতি বাতিলের লক্ষ্যে একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। ২৮ মার্চ জারি করা সর্বশেষ নির্বাহী আদেশে কয়লাখনি, তেল ও গ্যাস অনুসন্ধান এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য চলতি বিধিনিষেধ বাতিল করে নতুন, অধিক শিথিল নীতিমালা তৈরির কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তিনি কয়লাশিল্পকে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে চান। অধিকাংশ অর্থনীতিবিদ একমত যে সে চেষ্টা অর্থহীন। তা সত্ত্বেও বন্ধ কয়লাখনি চালু হলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের উৎপাদন বাড়বে। বিখ্যাত পরিবেশবিজ্ঞানী মাইকেল ওপেনহাইমার মন্তব্য করেছেন, এসব ব্যবস্থার মোদ্দা ফল দাঁড়াবে এই যে গ্রিনহাউস গ্যাসজনিত সম্ভাব্য পরিবেশ বিপর্যয় আরও ত্বরান্বিত হবে।
পরিবেশ সংরক্ষণে ওবামা আমলের অন্যতম সাফল্য ছিল ‘ক্লিন পাওয়ার প্ল্যান’, যার অধীনে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষতিকর গ্যাসের নিঃসরণ মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। ট্রাম্প সে মাত্রা বাতিল করতে চান। বাতাস ও পানিদূষণের বিরুদ্ধে এবং তেল ও গ্যাস উত্তোলনের ব্যাপারে ওবামা যেসব নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন, ট্রাম্প তারও পরিবর্তন কিংবা বাতিল চান। তাঁর যুক্তি, এসব বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চীন ও ভারতের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না।
বিগত ওবামা প্রশাসনের তৎপরতার ফলে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমতে শুরু করেছে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের এক হিসাবে বলা হয়েছে, ওবামা আমলের নীতিমালা বাতিল হলে ২০২৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্র বছরে অতিরিক্ত ৯০০ মেগাটন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করবে।
বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ নিয়ন্ত্রণ নীতিমালা তুলে নিলে শুধু পরিবেশ নয়, স্বাস্থ্যের ওপরেও সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে শিশুরা, যারা বায়ুতে বর্ধিত সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের কারণে হাঁপানি ও হৃদ্রোগ থেকে দীর্ঘমেয়াদি অসুখে ভুগবে।
ট্রাম্প বলেছেন, তিনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির তত্ত্বে বিশ্বাসই করেন না, পুরো ব্যাপারটা চীনাদের একটি চক্রান্ত। তিনি ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট ৩১ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য তিনি একজন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যিনি ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল থাকার সময় পরিবেশ মন্ত্রণালয়ের বিরুদ্ধে বারবার মামলা ঠুকেছেন।
ওবামার ক্লিন পাওয়ার প্ল্যান বাতিল করে ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন, তা অবশ্য এখনই বাস্তবায়িত হচ্ছে না, কারণ একাধিক পরিবেশবাদী গ্রুপ তা চ্যালেঞ্জ করে আদালতে মামলা ঠুকেছে।