
প্রথমবারের মতো মুখোমুখি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে নানা অভিযোগ, আলোচনা-সমালোচনার পর গতকাল শুক্রবার জার্মানির হামবুর্গে প্রথম বৈঠক করলেন দুই নেতা। সোয়া দুই ঘণ্টার আলোচনায় অভিযোগের বিষয়টি তুলে এ নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের কথা জানান ট্রাম্প। বরাবরের মতো তা নাকচ করে দেন পুতিন।
বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দিতে হামবুর্গে জড়ো হয়েছেন দেশগুলোর নেতারা। সেখানেই সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হন ট্রাম্প-পুতিন। এ সময় পুতিনকে ট্রাম্প বলেছেন, ‘আপনার সঙ্গে বসতে পারা আমার জন্য অনেক সম্মানের।’ জবাবে পুতিন বলেন, ‘আপনার সঙ্গে সাক্ষাতে আমিও অনেক খুশি।’ দুজনই জানান, দুই দেশের সম্পর্ক পুনর্নির্মাণের প্রত্যয় জানান তাঁরা।
হামবুর্গ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের মধ্যেই গতকাল শুরু হয় সম্মেলন। পুলিশ বলছে, এতে ৭৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়।
এবারের জি-২০ সম্মেলনে উদ্ভূত বৈশ্বিক প্রেক্ষাপটে সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য ইস্যু অগ্রাধিকার পাচ্ছে। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের ব্যাপারে জাতিসংঘে গৃহীত নতুন একটি চুক্তি নিয়েও আলোচনা হয়।
তবে সম্মেলনের আগে থেকেই বিশ্বের নজর ছিল ট্রাম্প-পুতিন বৈঠকের দিকে। কেননা, গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় ঘটেই যাচ্ছে। ওই নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। অভিযোগ, ট্রাম্পকে জেতাতে পেছন কলকাঠি নেড়েছিল রাশিয়া।
গতকাল দুই নেতার বৈঠকও শুরু হয় এ বিষয়টি দিয়েই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, শুরুতেই ট্রাম্প নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার কথাটি তোলেন এবং পুতিন তা বরাবরের মতো অস্বীকার করেন।
বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পুতিন ও আমি অনেক কিছু নিয়ে কথা বলেছি। আমার মনে হয়, আলোচনা ভালোই হয়েছে এবং এটা অবশ্যই অব্যাহত থাকবে। রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট সবার জন্যই ইতিবাচক অনেক কিছু ঘটবে বলে আমরা আশা করছি।’
আর পুতিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। ইউক্রেন, সিরিয়াসহ অন্যান্য সমস্যা ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প ও পুতিন নিজেদের দেশের মধ্যকার বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বৈশ্বিক নানা ইস্যুতেও তাঁদের কথা হয়েছে। তাঁদের মধ্যে ‘অত্যন্ত বলিষ্ঠ’ এবং ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে।
টিলারসনের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও দুই নেতার বৈঠককে ‘গঠনমূলক’ অভিহিত করেন। তিনি বলেন, সিরিয়ার কিছু অংশে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে একমত হয়েছেন ট্রাম্প ও পুতিন।
দুই দিনের এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরে আসা ও বাণিজ্য-সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির রাষ্ট্রপ্রধানদের গুরুগম্ভীর আলোচনা হবে বলে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ অনেক নেতাই আগাম ইঙ্গিত দিয়েছেন।
আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন ট্রাম্প। জার্মান সরকারের মুখপাত্র বলেছেন, তাঁরা এক ঘণ্টা ধরে উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত, জি-২০ ইস্যুতে আলোচনা করেন।
জি-২০ সম্মেলন শুরুর আগে গতকাল জার্মানির হামবুর্গ শহরে ‘নরকে স্বাগত’ ব্যানারে এক বিক্ষোভ মিছিলে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা মুখোশ পরে বিক্ষোভ করছিল। পুলিশ এতে বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ জলকামান, মরিচের গুঁড়া (পেপার স্প্রে) ছোড়ে। এতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পাল্টা বোতল ও পাথর ছোড়ে। প্রথম দফায় সংঘর্ষের পর আয়োজকেরা বিক্ষোভ মিছিল বাতিল করে দেন। তবে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নেয়। পুলিশ জানায়, অন্যান্য শহরের বিভিন্ন এলাকায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে। জি-২০ সম্মেলন ঘিরে ২০ হাজার পুলিশ হামবুর্গে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।