সবার দৃষ্টি নিউ হ্যাম্পশায়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নি স্যান্ডার্স, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি। ফাইল ছবি
বার্নি স্যান্ডার্স, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি। ফাইল ছবি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে আজ মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দুই দলের ‘প্রাইমারি’ অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ জনমত জরিপে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্স ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে নিউ হ্যাম্পশায়ারের বাছাই পর্ব নাটকীয় হয়ে উঠতে পারে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এ রাজ্যের দিকে দৃষ্টি সবার। প্রথা অনুযায়ী, সোমবার মধ্য রাতেই রাজ্যের প্রত্যন্ত একটি কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে বাছাই পর্বের ভোট নেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার মধ্য রাতের আগে চূড়ান্ত ফল জানা যাবে না। এর পরও আলোচনা ও নানামুখী বিশ্লেষণের মধ্য দিয়ে প্রহর কাটছে রাজনৈতিক পণ্ডিতদের।

আলোচনায় বলা হচ্ছে, নিউ হ্যাম্পশায়ার হয়ে উঠেছে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্সের মধ্যে মর্যাদার এক লড়াই। এ রাজ্যে জনমত জরিপে হিলারি এগিয়ে থাকলেও ক্লিনটন শিবির থেকে ব্যবধান কমানোর সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে। হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গতকাল সোমবার দিনভর হ্যাম্পশায়ার সফর করেছেন। সবাইকে অবাক করে এ রাজ্যে হিলারি জয়ী হতে পারেন, এমন ভাবনা তাঁর কট্টর সমর্থকদের মধ্যে কিছুটা হলেও আছে। অন্যদিকে বড় ব্যবধানে বার্নি স্যান্ডার্স এ রাজ্যে এগিয়ে থাকলে, বাছাই পর্বের বাকিটা সময় হিলারিকে তিনি শক্ত চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবেন বলে 

মনে করা হচ্ছে।

নিউ হ্যাম্পশায়ারের বাছাই পর্ব রিপাবলিকানদের জন্য আরও নাটকীয় হতে পারে বলে মনে করা হচ্ছে। এ রাজ্যে জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও বেশ কিছু নাটকীয় ঘটনার আভাস পাওয়া যাচ্ছে। রিপাবলিকান দলের প্রার্থিতায় ওহাইও রাজ্যের গভর্নর জন ক্যাসিচ আইওয়াতে অষ্টম অবস্থানে ছিলেন। কার্যত কোনো আলোচনায় না থাকলেও শেষ মুহূর্তে বিভিন্ন জরিপে তাঁর পক্ষেই ব্যাপক জনমত দেখা যাচ্ছে। অন্যদের ঠেকিয়ে ক্যাসিচ দ্বিতীয় অবস্থানে থাকতে পারলে রিপাবলিকান দলে মনোনয়ন নাটক জমে উঠবে বলে মনে করা হচ্ছে। আইওয়াতে তৃতীয় অবস্থানে থাকা মার্কো রুবিও এ রাজ্যে অন্তত দ্বিতীয় অবস্থানে পৌঁছতে না পারলে তাঁর নির্বাচনী যোগ্যতা দলের সাধারণ সমর্থকদের কাছে প্রশ্নের মুখে পড়বে। আইওয়া রাজ্যে বিজয়ী ট্রেড ক্রুজও নিউ হ্যাম্পশায়ারে অন্তত দ্বিতীয় অবস্থানে না থাকলে তাঁর জন্য বাছাইপর্বের বাকি সময়টা জটিল হয়ে উঠবে।

রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য নিউ হ্যাম্পশায়ার তাঁর সব জারিজুরি ভালোভাবে দেখানোর মাঠ। জনমতে এগিয়ে থাকলেও যদি অঘটন ঘটে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সর্বত্র উপহাসের মাত্রাটা আরও বাড়বে।


নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকানদের অগ্নিপরীক্ষা
নিউ হ্যাম্পশায়ারের বাছাই পর্বে রিপাবলিকান দলের গভর্নর্স ক্লাবের প্রার্থীদের অগ্নিপরীক্ষার দিন। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ তাঁর মা সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশকে নামিয়েছেন। আইওয়ায় বিপর্যয়ের পর নিউ হ্যাম্পশায়ারে মোটামুটি ভালো করতে না পারলে জেব বুশের বাছাই পর্বের ভবিষ্যৎ খুব আলোকিত মনে করছেন না তাঁর সমর্থকেরাও। যদিও পরবর্তী বাছাই পর্বের রাজ্য সাউথ ক্যারোলিনাতে জেব বুশের ভাই, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ প্রচারে নামবেন বলে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিসটি জনমত জরিপে মোটেই ভালো অবস্থানে নেই। যদিও সিএনএনকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিউ হ্যাম্পশায়ারে চমক দেখাবেন। অপর প্রার্থী ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন ক্যাসিচসহ রিপাবলিকান দলের গভর্নর্স ক্লাবের তিন প্রার্থীর মধ্যে বাছাই পর্বের এ পর্বেই কে ঝড়ে পড়বেন—তা এখন দেখার অপেক্ষায়। রিপাবলিকান দলের অন্য প্রার্থী বেন কারসন নিউ হ্যাম্পশায়ারের বাছাই পর্বের পর নির্বাচনী দৌড় থেকে সরে পড়বেন, এমন আলোচনাই জোরালো হয়ে উঠেছে।