আইওয়া অঙ্গরাজ্যে দলীয় ককাসের মাধ্যমে গতকাল সোমবার থেকে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সত্যিকারের লড়াই। সবার চোখ এখন আইওয়ার ফলের দিকেই। খবর বিবিসির।
সবচেয়ে আগে হওয়ায় এমনিতেই আইওয়ার এই ভোটকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। তার ওপর আবার বলা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে অনিশ্চিত একটা ককাস উপহার দিতে যাচ্ছে আইওয়া। সেটা যেমন ডেমোক্রেটিক পার্টির জন্য সত্য, একই কথা রিপাবলিকান পার্টির বেলায়ও।
মাস কয়েক আগেও মনে হচ্ছিল, ডেমোক্রেটিক পার্টি থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান পার্টি থেকে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ টিকিট পাবেন। তাঁদের মধ্যেই হয়তো আগামী নভেম্বরে হোয়াইট হাউসে যাওয়ার চূড়ান্ত লড়াইটা হবে। কিন্তু আইওয়াতে এই ককাসের আগের পরিস্থিতি উল্টো বার্তা দিচ্ছিল।
সবচেয়ে করুণ পরিণতি বরণ করতে চলেছেন সম্ভবত জেব বুশ। জনমত জরিপের ফল মোতাবেক, রিপাবলিকানদের মধ্যে যাঁরা ককাসে অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে জেব বুশই সবচেয়ে কম সমর্থন পাবেন; সেটা মাত্র ২ শতাংশেও নামতে পারে। অনুমান মোতাবেক, সর্বমোট দেড় লাখ লোক ভোট দেবেন। তার মধ্যে মাত্র তিন হাজার ভোট পেতে পারেন জেব বুশ।
অথচ জেব বুশ ও তাঁর সমর্থকেরা আইওয়াতে প্রচারণার জন্য এক বিজ্ঞাপনেই খরচ করেছেন এক কোটি ডলার। কর্মীদের খরচাপাতি, বিভিন্ন স্থান ভাড়া করা, পরিবহন-ব্যয় ইত্যাদি মিলিয়ে আনুমানিক আরও ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে। সে হিসাবে প্রত্যেক ভোটারের পেছনে জেব বুশের খরচ হয়েছে পাঁচ হাজার ডলার!
সর্বশেষ জনমত জরিপ বলছে, আইওয়াতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে রিপাবলিকানদের মধ্যে বিতর্কিত ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজের মধ্যে। তৃতীয় স্থান পেতে পারেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। কিন্তু আরেক প্রার্থী বেন কারসনের সমর্থকেরা বলছেন, এসব জনমত জরিপ তাঁদের নেতার প্রকৃত সমর্থনের বহর কতটা, তা তুলে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
ডেমোক্র্যাটদের মধ্যে হিলারি এগিয়ে আছেন বলে মনে হলেও তাঁকে প্রবল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। ৭৪ বছর বয়সী এই ব্যক্তি নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে বর্ণনা করছেন। তাঁর বিভিন্ন প্রচারণা সভায় যেমন হাজার হাজার লোক জড়ো হচ্ছে, তেমনি নির্বাচনী তহবিলে ডলার জমা পড়ছে লাখে লাখে।