সবার সহযোগিতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকার মুসলিম সেন্টারে জেমস ও’নেইল
জ্যামাইকার মুসলিম সেন্টারে জেমস ও’নেইল

নিউইয়র্ক সিটির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিটি পুলিশ বিভাগের কমিশনার জেমস ও’নেইল নগরবাসীর সহযোগিতা চেয়েছেন। ম্যানহাটনের ‘সন্ত্রাসী ঘটনা’সহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির জন্য নগরবাসী, বিশেষ করে মুসলিম কমিউনিটিকে আশ্বস্ত করতেই সিটির পুলিশ প্রধান ১৭ নভেম্বর জুম্মার নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টার আসেন। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বলেন, ‘নিউইয়র্ক সিটি আমাদের সবার সিটি। সবার সহযোগিতা ছাড়া সিটির শান্তি বজায় রাখা সম্ভব নয়। পুলিশ সদস্যরাও সিটির বাসিন্দা। সবাইকে মিলেই সিটির শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
এনওয়াইপিডি প্রধান জেমস ও’নেইল শুক্রবার দুপুরে ঐতিহ্যবাহী জ্যামাইকার মুসলিম সেন্টারে আসার পর জেএমসি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান এবং মতবিনিময় করেন। পরে পুলিশ প্রধান জুম্মার নামাজের পর পরই মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় জেএমসি পরিচালনা কমিটির সভাপতি খাজা মিজান হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী। এ সময় জেএমসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি ড. এম এম বিল্লাহ, ডা. মোহাম্মদ এম রহমান, মূলধারার রাজনীতিক সেবুল উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার সহ জেএমসি’র অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ প্রিসেন্টের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্কে সিটিতে বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকায় প্রতিষ্ঠিত ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’ সিটির অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান।
জেমস ও’নেইল তাঁর বক্তব্যে, সম্প্রতি ম্যানহাটনের ‘ডাউন-টাউনে’ মুসলিম নামধারীর হামলার কথা উল্লেখ করে বলেন, এর ফলে সিটিবাসীর মধ্যে ভয় আর উদ্বেগ দেখা দিয়েছে। তবে কোনো একজনের হামলার দায় পুরো কমিউনিটির ওপর বর্তাতে পারে না। তিনি বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে শান্তিপ্রিয় আখ্যা দিয়ে বলেন, তাদের সুরক্ষায় সিটি প্রশাসনের পাশাপাশি এনওয়াইপিডি সদা সচেষ্ট রয়েছে। তিনি বলেন, মুসলমানদের নিয়মিত প্রার্থনার স্থান মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে স্থানীয় পুলিশ প্রিসেন্টগুলো সার্বক্ষণিক নিরাপত্তায় সচেষ্ট রয়েছে। যেকোনো সমস্যায় তিনি ৯১১ ও ৩১১ এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ জানান।
পুলিশ কমিশনার তার বক্তব্যের পর উপস্থিত সাংবাদিক ও কয়েকজন মুসল্লির কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এই পর্বে নিউইয়র্কে আদালত চত্বর থেকে ইমিগ্রান্টদের আটক বৃদ্ধি, সিটির বিভিন্ন স্থানে হেইট ক্রাইম, ভোর ও সন্ধ্যায় বিভিন্ন সড়কে পুলিশি টহল জোরদার, পুলিশের নাম ব্যবহার করে অর্থ দাবি ও বাসা-বাড়িতে প্রবেশ প্রভৃতি ঘটনার কথা প্রশ্ন কর্তারা তুলে ধরলে পুলিশ কমিশনার তার জবাব দেন।
এর আগে জ্যামাইকা মুসলিম সেন্টারের দু’টির জুমার প্রথম খুতবায় বিশেষ বয়ান রাখেন জেএমসি’র ইমাম হাফেজ সালাহ মাহমুদ।