সবুজের কারিগর তিনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে পল মাওহার লাগানো গাছ
রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে পল মাওহার লাগানো গাছ

২০০৬ সালের অক্টোবর মাস। এক দানবীয় ঝড় আঘাত হেনেছিল নিউইয়র্ক অঙ্গরাজ্যে। শুভ্র তুষারে ঢেকে গিয়েছিল নিউইয়র্কের পশ্চিমাঞ্চল। গাছের পাতার সবুজ রং আর দেখা যাচ্ছিল না। সাদা তুষার সরালে চোখে পড়ছিল ফ্যাকাশে সবুজ রং।
ওই ঝড়ে নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে জরুরি পরিষেবার অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। দুর্যোগে পড়লে পানি, বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবা নিয়েই সাধারণ মানুষের মাথাব্যথা বেশি থাকে। সেবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই অবশ্য স্থানীয় কর্তৃপক্ষের তদারকিতে সেগুলো ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এত কিছুর ভিড়ে ৫৭ হাজার গাছের কথা কারও মনে ছিল না। হ্যাঁ, ২০০৬ সালের ওই প্রলয়ংকরী ঝড়ে মরে গিয়েছিল ৫৭ হাজার গাছ! 

এই ঘটনায় আর কেউ মাথা না ঘামালেও পল মাওহার মনে তা দাগ কেটেছিল। একটি রেডিও কোম্পানির বিপণন বিভাগে কাজ করতেন পল। এত গাছের প্রাণহানি মেনে নিতে পারেননি তিনি। ভাবলেন, গাছগুলো আবার ফিরিয়ে আনতে হবে। কিন্তু গাছ ফিরিয়ে আনার পথ তো একটাই, নতুন চারা রোপণ করতে হবে। স্থানীয় আইনজীবী ডেভিড কোলিগানকে সঙ্গে নিয়ে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন করলেন পল মাওহা। এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো ‘রি-ট্রি ওয়েস্টার্ন নিউইয়র্ক’। শুরুতে ঠিক করা হলো, পরবর্তী পাঁচ বছরে ৩০ হাজার গাছের চারা রোপণ করবে এই প্রতিষ্ঠান।
ওই সময়ের স্মৃতিচারণা করে পল বলেন, ‘এটি খুবই উচ্চাকাঙ্ক্ষী ভাবনা ছিল। শুরুর দিকে অনেক সমস্যাও সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি যখন কিছু শুরু করি, তাতে টিকে থাকার চেষ্টা করি। সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ আমি নই। আমি ধৈর্য ধরতে ভালোবাসি।’
পল আসলেই হাল ছাড়েননি। শুরুর দিককার সমস্যাতেই যদি তিনি হতোদ্যম হয়ে পড়তেন, তবে হয়তো নিউইয়র্কের রাস্তায় ৩০ হাজার গাছের চারা রোপণ করতে পারত না রি-ট্রি ওয়েস্টার্ন নিউইয়র্ক। গত শুক্রবার এই প্রতিষ্ঠান বাফেলো এলাকায় ৩০ হাজারতম গাছের চারাটি রোপণ করেছে। আর এই কর্মযজ্ঞে সময় লেগেছে দীর্ঘ ১২ বছর।

পল মাওহা
পল মাওহা

হাজার হাজার চারা রোপণের কার্যক্রম হাতে নিলেও তা বাস্তবায়নের পথে বাধা ছিল অনেক। এর মধ্যে অর্থের সমস্যাটিই প্রকট হয়ে দেখা দিয়েছিল। শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘোরা। বাফেলো এলাকার নানা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির কাছেও যেতে হয়েছিল পলকে। গাছের চারা রোপণের জন্য অর্থ চাওয়াটাও অনেকে অদ্ভুত চোখে দেখতেন। হাসপাতাল বা অন্যান্য সামাজিক প্রয়োজনে অর্থ দান করতে প্রস্তুত থাকলেও গাছের চারা রোপণের জন্য নিজের ট্যাঁক থেকে ডলার খরচ করতে রাজি হতেন না অনেকেই। এই ব্যক্তিদের রাজি করানো তাই একটি বড় চ্যালেঞ্জ ছিল পলের জন্য।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পলের কাজ আরও কঠিন হয়ে যায়। কারণ, ধীরে ধীরে ২০০৬ সালের অক্টোবরে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কথা ভুলে যাচ্ছিল পশ্চিম নিউইয়র্কের বাসিন্দারা। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ওই ঘূর্ণিঝড়ের কথা বলে গাছের চারা রোপণের জন্য অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। পল মাওহা বলেন, ওই সময়ে অর্থ জোগাড় করা খুব কঠিন হয়ে গিয়েছিল। এটি ছিল অত্যন্ত হতাশার।
কিন্তু তাতেও হাল ছাড়তে রাজি ছিলেন না পল। তাই পাঁচ বছরের জায়গায় ১২ বছর লাগলেও ঠিকই রোপণ করে ফেলেছেন ৩০ হাজার গাছের চারা। সংশ্লিষ্টরা বলছে, পল মাওহা না থাকলে অনেক আগেই থেমে যেত এই উদ্যোগ।
লক্ষ্য পূরণ হয়ে গেছে। তাই বলে থেমে যেতে চান না পল। তাঁর জবানিতে, ‘আমি এখনো এই কাজ করে যেতে চাই। হয়তো আরও বেশি উদ্যম থাকবে তাতে।’

তথ্যসূত্র: দ্য বাফেলো নিউজ