সবুজের পাশে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্টন জর্জ পার্কে ঘুরতে আসা দল

ঝকঝকে রোদে পার্কের বেশির ভাগ সবুজ চত্বর চপলা কিশোরীর মতো চঞ্চলা বলে মনে হলো প্রথমে। পার্কের এক পাশে বার্লিন ওয়ালের মতো প্রায় ২৫০ ফুট উঁচু কংক্রিটের শক্ত দেয়াল। তারই এক পাশ দিয়ে তিন চার ধাপ শক্ত পাথুরে ধাপ বেয়ে নেমে আসছে জলের অবিরাম ধারা। অনেক উঁচু থেকে ভীষণ বেগে নামছে বলেই হয়তো জলধারার শব্দের মাত্রা বেশ সমীহ করার মতো। স্বচ্ছ জলের ধারার পরিমাণ যে বেশি, তা জলের সঙ্গে নেমে আসা স্রোতে স্ফটিক সাদৃশ্য পুঞ্জীভূত ফুলেল শোভা দেখে অনুমিত হয়। কংক্রিটের পাথুরে এক তাক থেকে নিচের তাকে আছড়ে পড়ার রাজসিক ছন্দ উপভোগ করতে পুরো চত্বরে শত শত নিউইয়র্কারদের ছোট বড় জটলা।

চত্বরজুড়ে ঘন সবুজ পাতার ছাউনি মাথায় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে নাম না জানা বড়সড় বেশ কয়েকটি গাছ। প্রতিটি গাছের নিচে বেঞ্চসহ কাঠের জোড়া টেবিল।

নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করতে না পেরে বিরক্তি নিয়ে চারপাশে ঘুরতে দেখলাম কয়েকজন চালককে। ইউনিফর্ম পরা পার্কের নারী প্রহরীরা ঘুরে বেড়াচ্ছেন চারদিকে সন্ধানী দৃষ্টি নিয়ে। নির্ধারিত স্থানে পার্ক করতে না পেরে অনেকেই সুযোগ নিচ্ছেন ফাঁকা জায়গায় পার্ক করতে। আর তাঁদের দিকেই পার্ক প্রহরীদের বিশেষ নজর। পাথরের পাহাড় বেয়ে নেমে আসা জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে ঢালুর দিকে। সেই জলধারার ওপরে কংক্রিটের ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা নদীপ্রেমীদের কী আকুলতা!

একটু দুরে ঘন সবুজ পাতার অজানা গাছের নিচে পাতানো চেয়ারে বসে উপভোগ করছি প্রহরী আর নদীপ্রেমীদের লুকোচুরি খেলা। চোখ এড়িয়ে ছোট্ট নদীর ঢালু বেয়ে নেমে যাওয়া আগতদের বারবার সাবধান করে দিচ্ছেন পার্ক প্রহরীরা। আর এদিকে আয়না স্বচ্ছ জল নিয়ে সবুজের লতাগুল্ম ছুঁয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছেন কয়েকজন তরুণী। পুরো সবুজ চত্বরে ছড়িয়ে থাকা গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা অভিবাসী পরিবার বা বন্ধু-স্বজনের দল।

ক্যানভাসে জলধারার আশপাশের নিবিড় সবুজ এঁকে চলছেন লাতিন আমেরিকান এই পরিবার

ভাষা আর পোশাকের ভিন্নতা ছাড়িয়ে যায় টেবিলের ওপর থাকা খোলা খাবারের সুবাসে। হরেক রঙের সালোয়ার কামিজের পাশে লাল-নীল পাড়ের কচু পাতা রঙের শাড়ি পরিহিতার বাক্যে সহজ সংলাপের পাশাপাশি ভাজা রুই মাছের ঘ্রাণ ভেসে আসে। পাশের টেবিলে চীনা দম্পতির খোলা বাটি থেকে আসছে সয়াসসের চৈনিক ঘ্রাণ। ডুবো ডুবো কিছু সবজিতে আটকে আছে প্রমাণ সাইজের চিংড়ি মাছের দুটো মাথা।

তিনটি গাড়িতে ১৫ জনের একটি দল এসেছি ব্রঙ্কসের পাশে কর্টন অন হাডসন ঘেঁষা মনোরম এই কর্টন জর্জ পার্কে। কিছুক্ষণ অপেক্ষার পর টেবিল পাওয়া গেল। বসে নাশতা খেতে না খেতেই টেবিল ঘেঁষে চিলতে সবুজ খোলা জায়গায় শুরু হয় ছোটদের ফুটবল আর বড়দের ব্যাডমিন্টন। সবাই যে যার মতো করে ছবি তুলছে। বাসা থেকে আনা ফোল্ডিং চেয়ারকে জুত করে বসিয়ে বিশ্রাম নিই। সামনে সবুজ চত্বরে নানা বয়সী শিশুদের প্রাণবন্ত ছোটাছুটি। তাদের পেছনে ছুটছেন অভিভাবকেরাও। সব ছাড়িয়ে চোখ গেল প্রায় হাফ মাইলজুড়ে দাঁড়িয়ে থাকা কর্টন পার্কের পুরোনো কংক্রিট দেওয়ালে। যার অপর পাশে বিরাট এলাকাজুড়ে স্বচ্ছ জলের লেক। আর ওপারে সবুজ চত্বর ছাড়িয়ে অজানা অচেনা গাছ আর গুল্মলতার পরিপূর্ণ বিশাল এক সবুজ বন। বাম দিকে তাকাতে চোখে পড়ল তিনজন চিত্রশিল্পীর নিবিড় শিল্পের সুবিচার।

দুই ফুট বাই দুই ফুট মাপের ক্যানভাসে মনোযোগ দিয়ে এঁকে চলছেন জলধারার আশপাশের নিবিড় সবুজ। ডান বাম কোনো দিকে না তাকিয়ে তুলি ডুবিয়ে নিচ্ছেন নানা রঙে। তা আবার সেঁটে যাচ্ছে সামনের স্ট্যান্ডে হেলান দেওয়া ছোট্ট ক্যানভাসে। প্রতিটি স্পর্শে ফুটে উঠছে জীবন্ত সবুজ দেয়াল। যা নাকি হাতে কেটে তৈরি করা হয়েছিল জলাধারের নির্মাণ শৈলী। যে দেয়ালে হাতুড়ি আর ছেনির শক্ত আঘাত দিয়েছিল হয়তো আফ্রিকার সমুদ্রতট থেকে জোর করে ধরে আনা কোনো বন্দী কৃষ্ণাঙ্গ। যার ছিল না প্রতিবাদের অধিকার। ছিল না কোনো পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা। অথচ আজ সেই শক্ত পাথুরে দেয়ালকে সবুজ আর পাথুরে রঙের প্রলেপ দিয়ে শখের ক্যানভাসে তুলে রাখছে একটি লাতিন আমেরিকান পরিবার।