সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহ নেওয়াজ

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)-এর নির্বাচনে সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনওয়াই ইনস্যুরেন্সের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ।
২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে অবস্থিত জেবিবিএ নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। শেষ দিনে ২৪টি মনোনয়নপত্র কেনেন নির্বাচনে আগ্রহী সদস্যরা, যা থেকে আয় হয়েছে ১২০০ ডলার। সভাপতি পদের প্রার্থী শাহ নেওয়াজ, বিদায়ী কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখরভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা চেয়েছেন শাহ নেওয়াজ।
এই দিন ২৪ জনের মধ্যে মনোনয়ন পত্র কেনেন মাহবুবুর রহমান টুকুও। ধারণা করা হচ্ছে, শাহ নেওয়াজ এবং টুকু মিলে একটি প্যানেল গঠন করতে পারেন। যদিও এই নির্বাচন এবং মনোনয়ন সংগ্রহ করাকে ঘিরে গত নির্বাচনে যে উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছিল তা অনেকটাই ম্লান ছিল। বিরোধী পক্ষের কেউ শেষ দিনেও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বর্তমান হিসাব অনুযায়ী ৬ জানুয়ারি যদি সভাপতি বা সাধারণ সম্পাদক পদে অন্য কেউ মনোনয়ন পত্র জমা না দেন, তাহলে শাহ নেওয়াজ-ই সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিকে যাবেন জেবিবিএর নেতৃত্বে। ২১ জানুয়ারি চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
মনোনয়ন পত্র সংগ্রহ করার এই দিনে, আগের কার্যকরী পরিষদের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাধারণ সম্পাদক তারেক হাসান আর প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী সহ অনেকেই উপস্থিত ছিলেন।