সভ্যতার বিবাদ

ছেলে ও ছেলের বউয়ের জন্য আমেরিকাপ্রবাসী মা ছোটখাটো আয়োজন করেছেন জ্যামাইকার এক রেস্তোরাঁয়। সেখানে যেতে হবে। শুক্রবার বিকেলে অ্যাস্টোরিয়া থেকে জ্যামাইকা যাওয়া—সে এক বিশ্রী ব্যাপার। গ্র্যান্ড সেন্ট্রাল হাইওয়েতে দুনিয়ার ট্রাফিক জ্যাম লেগেই থাকে। এই পথ ধরে লা গার্ডিয়া ও জে এফ কে দুটো বিমানবন্দরে যাওয়া ট্রাফিকের সঙ্গে মিলিত হয় লং আইল্যান্ডবাসীদের ঘরে ফেরার গাড়ির মিছিল।
জুমার নামাজের পর বাসায় ফিরে বাংলাদেশি পত্রিকাগুলো একনজর দেখতে গিয়ে কখন যে বিকেল পাঁচটা বেজে গেছে খেয়াল করিনি। শাহজালাল মসজিদে জুমার নামাজ পড়া সাধারণত মিস হয় না। পত্রিকা সেখান থেকেই নিয়ে আসি। নিউইয়র্কে প্রকাশিত অন্যান্য পত্রিকা থেকে প্রথম আলো ব্যতিক্রম। আগেভাগেই একটা কপি রেখে দিই; পরে পাওয়া যায় না। গল্পগুলো পড়তে বেশ। আমেরিকায় জীবনের চরাই উতরাই, সাফল্য ও ভালোবাসা নিয়ে নবীন ও প্রবীণদের লেখা থাকে। পাতা ওলটানোর সঙ্গে সময় কীভাবে চলে যায়, বুঝতে পারি না।
পাঁচটা বেজে গিয়েছিল। ব্যাংকে যেতে হবে। শুক্রবার সাতটা পর্যন্ত ডিটমার্স শাখা খোলা। হেঁটে রওনা দিলাম। ভেতরে গিয়ে দেখি ব্যাংকের কম্পিউটার সকাল থেকে শাটডাউন। এমনকি এটিএমও কাজ করছে না। একজন টেলর (ক্লার্ক) পরামর্শ দিলেন থার্টি অ্যাভিনিউয়ের শাখায় যেতে। তখনই মনে হলো হেঁটে কেন এলাম। দ্রুত বাসায় ফিরলে গিন্নির পরামর্শ—নিচতলা থেকে ম্যানেজ করে নাও। আগামীকাল ফেরত দিয়ে দেবে। সেটা কেন করতে যাব? তা ছাড়া ওদের কাছে এক শ ডলারের নোট নাও থাকতে পারে।
ইদানীং বাসার কাছে ম্যানহাটনের মতো ট্রাফিক জ্যাম লেগেই আছে। এই পথ ধরেই মোটরিস্টরা গ্র্যান্ড সেন্ট্রাল হাইওয়েতে ওঠে। শুক্রবার বিকেলে ট্রাফিক আরও প্রকট আকার ধারণ করে। গাড়ি নিয়ে কোনো রকম সাতটার ভেতরে ব্যাংক থেকে বাসায় ফিরে আসি।
জ্যামাইকায় পৌঁছে দেখি ইতিমধ্যে অনেকেই এসেছেন। তাইফুল ভাই ও সাইফুল ভাইয়ের পাশাপাশি বসে পড়লাম। গিন্নি মুহূর্তে হারিয়ে গেলেন খালাতো ভাইবোনদের মধ্যে। আমরা আসার পরপরই দেখা গেল রেখা আপা মেয়ে রিমি ও নাতনিকে নিয়ে ঢুকলেন। ঠিকানা গ্রুপের সাইদুর রব ছেলের বউসহ এসেছেন দেখে ভালো লাগল। পারিবারিক অনুষ্ঠানে অনেক সময় রব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। শাহিদ, শরিফ, সাব্বির ও মুস্তাক আগেই পরিবারসহ এসে গেছেন। ডাক্তার শোয়েবকেও ব্যস্ততার মধ্যে দেখলাম। সেলিনা, যার ছেলের জন্য এই অনুষ্ঠান, তাঁকে সবাই সহযোগিতা করছে। ভাইবোনদের মধ্যে এই আন্তরিক বন্ধন আমাকে মুগ্ধ করে।
নতুন প্রজন্মের অনেকেই পারিবারিক ঘরোয়া অনুষ্ঠানে আসতে চায় না। দেশীয় অনুষ্ঠান তাদের কাছে বোরিং লাগে। সেই জায়গায় রব ভাইয়ের ছেলে ও ছেলের বউকে দেখলাম খুব স্বচ্ছন্দে হেঁটে বেড়াচ্ছে। ওদের বয়সও তেমন না। রেস্তোরাঁ ছোট পরিসরে হলেও খাবারের মান অনেক ভালো।
কোনো অ্যাক্টিভিটিজ না থাকায় শাকিল ও তাঁদের ভাতিজা আরফান স্টেজে গিয়ে কিছু বলতে লাগল। কীভাবে পাঁচ ঘণ্টার জন্য টোকিওতে হারিয়ে যাওয়ার পর তার কাজিনরা শেষ মুহূর্তে তাকে খুঁজে পেয়েছে—সেই চমৎকার গল্পটি দীর্ঘদেহী সুদর্শন আরফান বলে যাচ্ছিল। আমরা হাসছিলাম। নিউইয়র্কে একটি কলেজ থেকে বিজনেসে গ্র্যাজুয়েশন করে চাকরির পাশাপাশি বাবাকে সে ব্যবসায় সহযোগিতা করছে; অত্যন্ত স্মার্ট। অথচ টোকিওর মতো মেগাসিটিতে হারিয়ে গেল, যেখানে কেউ কারও ভাষা বোঝে না। ব্রিটেনে জন্ম নেওয়া কাজিন অয়ন খুঁজে পেয়ে তাকে বিপদ থেকে বাঁচায়। আজকের অনুষ্ঠানে তাকে কৃতজ্ঞতা জানাল সে। শাকিল ভাইদের হয়ে ভাগনেদের আন্তরিকতার গল্প শোনায়। অয়ন নববধূসহ স্টেজে এল। সাত ঘণ্টা পরে লন্ডন ফিরে যাবে। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার; বয়স ছাব্বিশ।
ব্রিটিশ যুবকের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। অপূর্ব সুন্দরী উচ্চশিক্ষিত টার্কিশ মেয়েটি তার সহধর্মিণী। অবাক হয়ে তাদের পর্যবেক্ষণ করছি। মাসখানেক আগে লন্ডনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অল্প বয়সে বিয়ে করার অসাধারণ যুক্তি তুলে ধরল। ইসলামের খলিফা ও সাহাবাদের উদাহরণ টেনে নিয়ে এল। বিলম্বিত বিয়েতে পাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার অজুহাতে নৈতিকতাবোধের চরম অবক্ষয় নেমে আসছে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই যুবকের ইসলাম সম্বন্ধে এই অসাধারণ পাণ্ডিত্য দেখে আশ্চর্য হয়ে গেছি।
সে বলছিল, ‘প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব—এই ধারণা সঠিক নয়। বিয়ে করার পর সবকিছুতে পরিবর্তন আসে। কাজের স্পৃহা বেড়ে যায়। জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়।’ পাশ্চাত্য সভ্যতায় বেড়ে ওঠা তরুণ-তরুণীর এমন ভাবনা হবে, যেন বিশ্বাস হচ্ছিল না। তার বাবা বাংলাদেশে বড় আমলা। মাঝেমধ্যে লন্ডনে বেড়াতে আসেন। মাকে নিয়ে দুই ভাই লন্ডনে বেড়ে উঠেছে। মা বছরখানেক হলো নিজেই অভিবাসী হয়ে আমেরিকায় এসেছেন আপন ভাইবোন ও নিজের মায়ের কাছে থাকবেন ভেবে। সম্পর্কে অয়ন আমার স্ত্রীর আপন খালাতো বোনের নাতি। সুতরাং সম্পর্কে আমাদের নাতি ও নাতবউ। এই বয়সে এত পরিপক্ব!
আধুনিকতার নামে আমরা পেছনে ফিরে যাচ্ছি। সামাজিক বন্ধনগুলো খেলো হয়ে যাচ্ছে। পারিবারিক প্রথা ভেঙে যেতে বসেছে। নিজেকে উপভোগ করার বাসনা সর্বাগ্রে চলে আসছে। আমেরিকায় সন্তানদের নিয়ে অনেকেই মহা দুশ্চিন্তা ও হতাশায় ভোগে। ছেলেমেয়েরা বিয়েতে অনাগ্রহী! বাংলাদেশ থেকে আসা প্রবাসীদের ব্রিটেন ও আমেরিকায় জন্ম নেওয়া সন্তানদের মন মানসিকতা কত ভিন্ন!
ধর্মে জীবনের মূল্যবোধ ও নৈতিকতার যে গুরুত্ব দেওয়া হয়, সেখান থেকে দূরে চলে যাওয়া কতটা যুক্তিসংগত? সন্তানদের গড়ে তুলতে প্রচুর মনযোগ ও ত্যাগ স্বীকার করা প্রয়োজন। দূরদর্শী না হলে সভ্যতার দ্বন্দ্বে আমাদের প্রজন্ম হারিয়ে যাবে আধুনিকতার ছদ্মবেশে বিকারগ্রস্ত ভিন্ন সংস্কৃতির মায়াজালে।