সমগ্র মানবতার ওপর আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনায় বিভিন্ন দেশের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কেবল ফ্রান্সের জনগণের ওপর নয়, সমগ্র মানবতা ও সর্বজনীন মূল্যবোধের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় সমবেদনা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ফরাসি জনগণের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বলেন, রাশিয়া এই অমানবিক হত্যাকাণ্ডের জোরালো নিন্দা জানাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে তদন্তকাজে মস্কো সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল প্যারিসে হামলার ঘটনার খবর ও ছবি দেখে গভীর শোকে আচ্ছন্ন হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাঙ্কার এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টল্টেনবার্গও ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই হামলাকে ‘ভয়ংকর ও অসুস্থ’ আখ্যা দিয়েছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল গার্সিয়া মারগালো বলেন, ‘এ হামলার ঘটনায় নিশ্চিত হয়েছি যে আমরা নজিরবিহীন ও অত্যন্ত নিষ্ঠুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিসে হামলার ঘটনাটিকে ‘ভয়াবহ ও বেদনাদায়ক’ আখ্যা দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের ধরন ও পরিণতি সম্পর্কে তাঁর দেশ খুব ভালো করেই জানে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি প্যারিসে হামলার ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলেছেন, প্যারিসের যন্ত্রণাদায়ক ঘটনার পর ফ্রান্সের পাশে রয়েছে ইউরোপ।
পোপ ফ্রান্সিস প্যারিসের ওই হামলাকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, প্যারিসের হামলা ফ্রান্সের ভুল নীতিরই পরিণাম।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফ্রান্সের জনগণের পাশে রয়েছে। সূত্র: এএফপি