সমবেদনা জানালেও ক্ষমা চাইল না জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার নৌঘাঁটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের তিনজনের সঙ্গে মঙ্গলবার শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে l ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার নৌঘাঁটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের তিনজনের সঙ্গে মঙ্গলবার শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে l ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে চালানো হামলায় নিহত মার্কিন নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত মঙ্গলবার জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবার সফরে যান আবে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও উপস্থিত ছিলেন। তবে ওই হামলার জন্য ক্ষমা চাননি জাপানের প্রধানমন্ত্রী।
পার্ল হারবারে জাপানের চালানো হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিনজো আবে বলেন, ‘আমরা অবশ্যই যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি করতে পারি না। জাপানের মানুষ এ শপথই নিয়েছে। পার্ল হারবারে চালানো হামলায় নিহত ব্যক্তিদের আত্মা, যুক্তরাষ্ট্রের সব নাগরিক ও পৃথিবীর সব মানুষের সামনে আমি এ শপথের কথা বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ৭০ বছর ধরে জাপান শান্তির পথে হেঁটে চলেছে এবং জাপানের মানুষ ভবিষ্যতেও এ শপথ মেনে চলবে।’
হামলার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পর আবে পার্ল হারবারে গেলেন। এর আগে চলতি বছরই এমন এক সফরে হিরোশিমা গিয়েছিলেন ওবামা। তবে সেখানেও কিন্তু আণবিক বোমা হামলা চালানোর ঘটনায় ক্ষমা চাননি ওবামা।
এটি যুক্তরাষ্ট্র ও জাপান—এ দুই দেশের সরকারপ্রধানের একসঙ্গে পার্ল হারবারে যাওয়ার প্রথম ঘটনা। আবের বক্তব্যকে স্বাগত জানিয়ে বারাক ওবামা বলেন, ‘হামলার দিন সকালে এখানে কাজ করা কর্মকর্তাদের পোশাকে থাকা র্যাং কসূচক ব্যাজগুলোর ঔজ্জ্বল্য তাঁদের সাহসের কাছে ম্লান হয়ে গিয়েছিল।’ তিনি জাপানের ‘বন্ধুত্বপূর্ণ ব্যবহারের’ প্রশংসা করেন। ওবামা এ সময় নিহত ব্যক্তিদের উদ্দেশে কিছুক্ষণ প্রার্থনা করেন। শিনজো আবেও তাঁর সঙ্গে যোগ দেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে হামলা চালিয়েছিল জাপানের ৩৫৩টি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় ২ হাজার ৪০৩ জন মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন। ৭৫ মিনিটের ওই হামলায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১৯টি জাহাজ ও ৩২৮টি বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছিল। ১৯৪৫ সালের আগস্টে জাপানের দুটি শহরে যুক্তরাষ্ট্রের চালানো আণবিক বোমা হামলায় কার্যত ওই যুদ্ধ শেষ হয়।