সমর্থক-বিরোধী হাতাহাতি, ট্রাম্পের জনসভা বাতিল
>রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী ট্রাম্প আয়োজিত বিভিন্ন সভায় বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর সমর্থকদের হাতাহাতি এখন প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে
সহিংসতার আশঙ্কায় গত শুক্রবার শিকাগোতে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক জনসভা বাতিল করা হয়েছে। সভাস্থলে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে চরম উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
শিকাগোয় অবস্থিত ইউনিভার্সিটি অব ইলিনয়ে শুক্রবার সন্ধ্যায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের জনসভা হওয়ার কথা ছিল। সেখানে ট্রাম্পের প্রায় ২০ হাজার সমর্থক উপস্থিত হন। কিন্তু বিতর্কিত এই প্রার্থী পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই সেখানে জড়ো হন তাঁর বিরুদ্ধবাদী কয়েক হাজার বিক্ষোভকারী। একপর্যায়ে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে ট্রাম্পবিরোধী ওই বিক্ষোভকারীদের হাতাহাতি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করে। পরে ট্রাম্পের নির্দেশে তাঁর জনসভা বাতিল ঘোষণা করা হয়।

রিপাবলিকান দলের অগ্রগামী প্রার্থী ট্রাম্প আয়োজিত বিভিন্ন সভায় বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর সমর্থকদের হাতাহাতি এখন প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প নিজে একাধিকবার বিক্ষোভকারীদের ‘মুখ ভোঁতা করে দেওয়ার’ হুমকি দিয়েছেন। কয়েকজন সাংবাদিকও ট্রাম্পের সভায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। ট্রাম্পের অতি উত্তেজক বক্তব্য দেশের ‘শ্বেত-শ্রেষ্ঠত্ববাদী’দের মধ্যে একদিকে বিপুল উদ্দীপনার সঞ্চার করেছে, অন্যদিকে গণতন্ত্রমনা মধ্যপন্থীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি করেছে। অনেকে ট্রাম্পকে খোলামেলাভাবেই জার্মানির সাবেক নাৎসি নেতা নিন্দিত হিটলারের সঙ্গে তুলনা করা শুরু করেছেন।
রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে দ্বিতীয় অবস্থানে থাকা সিনেটর টেড ক্রুজ এক বিবৃতিতে রাজনৈতিক অসহিষ্ণুতার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ট্রাম্পের প্রচারণাকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য সব দায়দায়িত্ব তাঁরই। আরেক প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিও ঘটনার দায় নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তাঁদেরও উচিত ট্রাম্পের বক্তব্য দেওয়ার অধিকারের প্রতি সম্মান দেখানো।
মার্কিন একটি টেলিভিশন চ্যানেলকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প শুক্রবারের ঘটনার দায় অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন প্রচণ্ড বিভক্ত এক দেশ। এমন এক অবস্থার সঙ্গে আমরা আগে কখনো পরিচিত ছিলাম না।’
মঙ্গলবার ট্রাম্প এবং তাঁর প্রতিদ্বন্দ্বীরা ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ভোটে মুখোমুখি হবেন। তার আগে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে এমন একটি হাতাহাতির ঘটনা অন্য যেকোনো প্রার্থীর ক্ষেত্রে হলে ক্ষতিকর হতে পারত। কিন্তু অনেক ভাষ্যকারের ধারণা, এর ফলে ডোনাল্ড ট্রাম্প তাঁর অনুগত সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়াতে সক্ষম হবেন।