সমস্যার সঙ্গে সাফল্যের সম্ভাবনাও থাকে

জ্যাকসন হাইটসের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. কুতুবুর রহমান মাহমুদ। রহমানিয়া ট্রাভেল এজেন্সির মালিক তিনি। বাংলাদেশের কুমিল্লার লাকসাম জেলার নরহারিপুর গ্রামের সম্ভ্রান্ত মিয়া বাড়িতে ১৯৬৪ সালে জন্ম। বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকায় তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজসহ ব্যবসা-বাণিজ্য ও শিক্ষকতায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর এগিয়ে যাওয়ার মূল মন্ত্রই হচ্ছে সততা, ন্যায়নিষ্ঠা ও মানুষের সেবা করা।
প্রথম আলো উত্তর আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে অকপটে জীবনের নানা গল্প বলেন তিনি। তিনি বলেন, ১৯৮৬ সালে তিনি ঢাকায় আরবি বিষয়ের ওপর মাস্টার্স করেন। এরপর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রাণী বিদ্যায় ১৯৯০ সালে দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি নেন। ওই বছরই তিনি চলে আমেরিকায় চলে আসেন। এখানে আসার কিছুদিনের মধ্যেই ইসলামিক স্কুলে তিনি শিক্ষকতায় সুযোগ পেয়ে আমেরিকায় প্রথম কর্মজীবন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন মসজিদে খতিব হিসেবে জুমার নামাজ পড়াতেন।
শিক্ষক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেন কীভাবে?—এর জবাবে তিনি বলেন, সৃষ্টিকর্তার দান মেধা এবং সততাকে কাজে লাগিয়ে। শিক্ষকতার পাশাপাশি তিনি ২০০০ সালে শুরু করেন ইসলামি পোশাকের ব্যবসা। এই ব্যবসায় সফলতা পেয়ে যান। সে সময় জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের ব্যবসার তেমন প্রসার ঘটেনি। তাই তাঁর ব্যবসা সহজেই বাজার পেয়ে যায়।
২০০৫ সালে হজ ও ওমরাহ প্যাকেজ দিয়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু। গ্রাহকদের পর্যাপ্ত সেবা দানের লক্ষ্যে তাঁর অফিস সপ্তাহের সাত দিনই খোলা। তাঁর প্রতিষ্ঠান হজ যাত্রীদের জন্য ফাইভ স্টার হোটেলে স্বল্প মূল্যে থাকার প্যাকেজ
দিয়ে থাকে। যার খরচ অন্যান্য প্রতিষ্ঠানে ১২ হাজার ডলার পড়ে, একই প্যাকেজে তাঁর প্রতিষ্ঠান থেকে নয় হাজার ২০০ নেওয়া হয়।
এতে ব্যবসা কেমন যাচ্ছে?—জবাবে তিনি বলেন, এই ব্যবসায় অসাধু পন্থা অবলম্বন করে অনেকেই ব্যবসা থেকে বিদায় নিয়েছে। কিন্তু সততার সঙ্গে পরিচালনা করছেন বলেই তাঁর প্রতিষ্ঠান লাভজনকভাবে এগিয়ে চলছে।
এমন সফলতার পেছনের কারণ হিসেবে তিনি বলেন, সততার সঙ্গে যেকোনো কাজ বা ব্যবসা করলে কেউ ক্ষতিগ্রস্ত হয় না বরং লাভবান হয়।
কুতুবুর রহমান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে কেবল বাংলাদেশ বিমান ছাড়া সৌদি, কাতারসহ বিশ্বের সবগুলো এয়ারের সঙ্গে তাঁর ব্যবসা আছে। রহমানিয়া ট্রাভেল এজেন্সি আইএটিএ অনুমোদিত এজেন্ট। এ কারণে এই এজেন্সি যেকোনো এয়ারলাইনসের টিকিট বিক্রি করতে পারে। এসব টিকিট খুব কম লাভে তাঁরা বিক্রি করেন।
বাংলাদেশে কুতুবুর রহমানের তত্ত্বাবধানে আছে রাহমানিয়া নুরানি-হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই প্রতিষ্ঠানে দুস্থ ও এতিম শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি সামাজিক ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া আমেরিকায় বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত। ইউনাইটেড ওলামা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্বরত আছেন।
কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই, সেই সঙ্গে সাফল্যের সম্ভাবনাও থাকে। তাঁর মতে, কমিউনিটির সমস্যা হচ্ছে একতা, শৃঙ্খলা, ন্যায়নিষ্ঠা, সততা এবং সঠিক চিন্তা চেতনার অভাব। ভাষাগত দিক থেকেও একটা বড় ধরনের সমস্যা রয়েছে। সম্ভাবনাও রয়েছে অনেক। অনেকেই এ দেশে সব ধরনের সমস্যাকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে যাচ্ছেন। এ দেশে অনেকেই ব্যবসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কাজ করে প্রতিষ্ঠিত হয়েছেন।
নতুন আসা প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমস্যা এক সময় সমাধান হয়ে যায়। কেবল একটু বুদ্ধি খাটাতে হবে। তিনি বলেন, এ দেশের কোনো একটি বিষয়ের ওপর কোর্স করেন। ইংলিশে দুর্বল যারা তাঁদের জন্য অল্প ফিতে অনেক ইংলিশ প্রোগ্রাম আছে। স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করারও পরামর্শ দেন তিনি।
কুতুবুর রহমান বলেন, ‘সবার প্রতি অনুরোধ, আপনারা নিজ ধর্মকে সম্মান করে নিজ ধর্মের পালন অব্যাহত রাখেন। দেখবেন আপনাদের জন্য কল্যাণের পথ খোলা থাকবে। অন্য ধর্মের প্রতি যেন আপনাদের মনে কোনো হিংসা না থাকে।’
সবশেষে তিনি বলেন, ‘প্রথম আলোর মাধ্যমে আমি বাংলাদেশি কমিউনিটির সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমরা সবাই বাংলাদেশের সন্তান হয়ে এই বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করে নিজেদের মাথা উঁচু করে প্রবাসী জীবনে একে অপরের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বসবাস করতে পারি সেই চেষ্টাই যেন করতে পারি।’