
হাড় কাঁপানো শীতের মধ্যেও গত ২৯ ডিসেম্বর সাহিত্য একাডেমির সাহিত্য আসরে বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী প্রাণের টানে উপস্থিত হয়েছিলেন। এবারও প্রায় ৩০ জনের মতো লেখক, কবি তাঁদের লেখা পাঠ করেন। আলোচনায় অংশ নেন হাসান ফেরদৌস, মুহম্মদ ফজলুর রহমান, তমিজ উদদীন লোদী, আহমাদ মাযহার, ফকির ইলিয়াস ও এ বি এম সালেহ উদ্দীন।
নিজেদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ ও আবৃত্তি করেন সুরীত বড়ুয়া, নাসিরুল্লাহ মোহাম্মদ, ইশতিয়াক রুপু, আবুল বাশার, কাজী আতীক, রানু ফেরদৌস, শামীম আরা আফিয়া, স্বফন দেওয়ান, ফারহানা ইলিয়াস, বেগম সোনিয়া কাদির, ফকির ইলিয়াস, আহম্মদ হোসেন, মমতাজ বেগম (আলো), শাহীন ইবনে দিলওয়ার, নাসিমা আকতার, কামরুন নাহার, পলি শাহীনা, তাহমিনা সাইদ, আবু সাঈদ রতন, নীরা কাদরী, মোশাররফ হোসেন, সালেহীন সাজু, আনোয়ার সেলিম, পারভীন পিয়া, উইলি মুক্তি প্রমুখ।
রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্মরাগ উপন্যাস নিয়ে আহমাদ মাযহারের বক্তব্য দিয়ে শুরু হয় দিনের আলোচনা। ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস। এ উপলক্ষে আহমাদ মাযহার তাঁর আলোচনায় বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু একজন সমাজ সংস্কারক নন, সাহিত্যের দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন একজন সৃজনশীল মানুষ। তিনি আরও বলেন, ‘পদ্মরাগ উপন্যাসের গঠন অসাধারণ হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ে পদ্মরাগ উপন্যাসের কথা আসেনি। হিন্দু সমাজের উজ্জ্বল মানুষেরা যাঁরা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন, তাঁরা খেয়ালই করেননি, বাংলার মুসলমানরা বাংলা সাহিত্যচর্চা শুরু করেছেন।’
এরপর কবি তমিজ উদদীন লোদী তাঁর আলোচনায় গণমানুষের কবি দিলওয়ারকে তুলে ধরেন। মহাকালের ইতিহাসে লেখকের রচিত সাহিত্যই কথা বলবে। বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তমিজ উদদীন বলেন, ‘কবি দিলওয়ার একজন অসাধারণ মানুষ ছিলেন। কবিতা লেখার জন্য যাঁরাই যেতেন, তাঁর কাছে সবাইকে পরম মমতায় তিনি কাছে টেনে নিতেন। ছন্দের প্রতি তাঁর প্রবল নিষ্ঠা ছিল। মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত—এই তিন ধরনের ছন্দেই লিখতেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন অনায়াসেই। সব সময় পড়ার মধ্যেই থাকতেন। তিনি বলেন, কবি দিলওয়ার ছিলেন প্রথম সারির একজন গীতিকার। বাংলা ভাষায় আধুনিক গীতিকবিতা যাঁরা লিখেছেন, কবি দিলওয়ার ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও অপ্রকাশিত রচনাবলি যেন প্রকাশিত হয়, সে আশা পোষণ করে তমিজ উদদীন লোদী তাঁর আলোচনা শেষ করেন।
কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিপুত্র শাহীন ইবনে দিলওয়ার ও মোশাররফ হোসেন একটি করে কবিতা পড়েন। এরপরই শুরু হয় সভায় উপস্থিত লেখকদের লেখাপাঠ। এই পর্যায়ে পঠিত লেখার ওপরে আলোকপাত করেন কবি ফকির ইলিয়াস। তিনি বলেন, অগ্রজ কবিরা কী বলেছেন, তা জানা দরকার, তাঁদের বই পড়া আবশ্যক। কবির কবিতা একজন মানুষের সঙ্গে কীভাবে শক্তিশালী সংযোগ তৈরি করে, তা বোঝাতে ফকির ইলিয়াস কবি দিলওয়ারের প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর কবিতা পড়ে কীভাবে ঢেউ আছড়ে পড়ে পিলারের গায়ে, তা দেখার জন্য নৌকায় করে তিনি সে জায়গাটি পরিদর্শনে যান।
সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক ফজলুর রহমান বলেন, ‘ভালোবাসা দিয়ে খুব সহজে মানুষকে তুষ্ট করা যায়। এখানে ভালোবাসা পাই, তাই ফিরে ফিরে আসি। গণমানুষের কবি দিলওয়ার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো আলোকিত মানুষেরা ছিলেন বলেই আমরা বাঙালিরা গর্ব করতে পারি।’ অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বেশি বেশি পড়বেন, লিখবেন এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন।’
লেখক এ বি এম সালেহ উদ্দীন বলেন, ‘আনন্দ ও বেদনা—দুটিই ছিল গত বছরজুড়ে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ যেন সবার জন্য মঙ্গলময় হয়, তিনি সে প্রত্যাশা করেন।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সদ্য প্রকাশিত কবিতার বই গোধূলির গান থেকে কবিতা পাঠ করেন কবিপত্নী নীরা কাদরী। ভেদ-ক্লেদ ভুলে প্রতিটি প্রাণ জেগে উঠুক নতুন বছরে প্রাণের আনন্দে—এই আশাবাদ ব্যক্ত করে কবি কাজী আতীক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাঁর নিজের দুটি কবিতা পাঠ করেন। কবি সোনিয়া কাদির বলেন, ‘কবি দিলওয়ারের লেখা থেকে তিনি উপকৃত ও অনুপ্রাণিত। তাঁর অফুরন্ত স্নেহের ডালি থেকে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন।’
লেখক হাসান ফেরদৌসের নিজ বই থেকে পাঠ করা প্রবন্ধে উঠে এসেছে, ইতিহাসে দুষ্ট লোকেরাও কবিতা লিখেছেন। যেমন হিটলার, মুসোলিনি প্রমুখ। কবিতা লেখকের ভাবনা দৃষ্টির আয়না হলেও লেখকেরা অন্য রকম বিশেষ শ্রেণির মানুষ। তাঁরা চিন্তাচেতনায় সবাই নিজের জায়গায় আলাদা সত্তা। প্রবন্ধপাঠ শেষে বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি তমিজ উদদীন লোদী ও ফকির ইলিয়াসকে সাহিত্য একাডেমির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং জানুয়ারির শেষ শুক্রবার আবারও সাহিত্য একাডেমির মাসিক আসরে মিলিত হওয়ার প্রত্যাশা রেখে একাডেমির পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানের সমাপ্তি টানেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন তিনি।