সমাজসেবা করে যেতে চান কাজী আশরাফ

নিজেকে আড়ালে রেখে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, এটিকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন। তিনি নিউইয়র্কের সবার পরিচিত মুখ কাজী আশরাফ হোসেন (নয়ন)। চট্টগ্রামের মীরসরাইয়ে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্ম তাঁর।
চট্টগ্রামের সিটি কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি শেষ করে প্রথম কর্মজীবন শুরু করেন সোনালী ব্যাংকে। চাকরি অবস্থায় একই কলেজের নৈশ ক্লাসে ভর্তি হয়ে ১৯৮০ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন তিনি। সোনালী ব্যাংকে কর্মরত অবস্থায় ফরেন কারেন্সি ডিলারশিপের ব্যবসা শুরু করেন। অল্পসময়ে তিনি একজন বড় আমাদানিকারকও হয়ে যান। সিঙ্গাপুর ও দুবাই থেকে উন্নতমানের খেজুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করতেন দেশে।
আমেরিকার আসার বিষয়ে কাজী আশরাফ বলেন, সমাজ সেবার লক্ষ্যে তিনি ১৯৮৪ সালে সেবামূলক প্রতিষ্ঠান পাইওনিয়ার লায়ন্স ক্লাবে যোগ দেন। সেই সুবাদে চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া ও সাতকানিয়ায় বিভিন্ন সময়ে গরিব–দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন। পাইওনিয়ার লায়ন্স ক্লাব ১৯৮৮ সালে লায়ন্স কনফারেন্সে যোগ দিতে তাঁকে কলোরাডোর ডেনভারে পাঠায়। কনফারেন্স চলছিল। সেই সময় নিউইয়র্কে তাঁর গ্রামের সদাই সোকদাস নামের এক সহপাঠী তাঁকে নিউইয়র্কে আসতে উৎসাহিত করেন। তখন নিউইয়র্কে ট্রাভেল এজেন্সি মালিক নজমুল হুদাও তাঁকে আমেরিকায় থেকে যেতে বলেন। তাদের কথায় থেকে যান। বন্ধু সদাই সোকদাস নিজ খরচে ডাক্তারি পরীক্ষা করান এবং নজমুল হুদা অল্প টাকায় তাঁর জন্য গ্রিনকার্ডের অ্যাপ্লিকেশন করে দেন। নাজমুল তাঁর আপন ভাগনে ও তাঁর জন্য এসএডব্লিউ প্রোগ্রামের ফরম যথাযথভাবে সম্পন্ন করেন। আশ্চর্য হলেও সত্যি, ছয় সপ্তাহের মধ্যে তিনি টেম্পোরারি রেসিডেন্সি পান। সেই থেকেই আমেরিকায় বসতি শুরু হয়।
কাজী আশরাফ বলেন, প্রথমে ম্যানহাটনে বাঙালি অধ্যুষিত এলাকা ‘সিক্সথ স্ট্রিটে’ একটা বাঙালি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন। সেখানে বাংলাদেশের পরিচিত অনেকের সঙ্গে তার দেখা হয় এবং দেশে থাকতে তার কিছু দেনাদারেরও সাক্ষাৎ পেয়ে যান। এতে বাংলাদেশের পাওনা টাকা স্বেচ্ছায় পরিশোধের পাশাপাশি তারা তাঁকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে আসেন। আরও ভালো কিছু করার ইচ্ছায় দুই সপ্তাহ পর রেস্টুরেন্টের কাজ ছেড়ে তিনি একটা পার্কিং স্পটে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন। এখানেও কাজের ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির সন্ধান করতে থাকেন।
যখন আশরাফ জানতে পারেন, বাংলাদেশের মাস্টার্স এখানে ব্যাচেলর ডিগ্রির সমান, তখন তিনি তার শিক্ষা সনদগুলোর মূল্যায়ন করেন। সেই সঙ্গে প্রয়োজনের তাগিদে তিনি এখানকার বেলি ওয়েন সেক্রেটারিয়েল সিস্টেম নামের একটি প্রতিষ্ঠান থেকে ৬০০ ঘণ্টার ওয়ার্ড পারফেক্ট মাল্টিমেট প্রোগ্রামে ভর্তি হন। মাত্র ২৫০ ঘণ্টার কোর্স শেষ হতেই তিনি ওয়ার্ড পারফেক্ট মাল্টিমেট শেষ করে ওই প্রতিষ্ঠানেই টিউটর হিসেবে নিযুক্ত হন। তারপর বেশ কয়েকজন বাঙালি ছাত্রকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দেন। সেখানে তখন একজন ছাত্র ভর্তি করলে একটি ওয়াকি টকি পুরস্কার পাওয়ার নিয়ম ছিল। মাত্র চার মাসের মাথায় প্রতিষ্ঠানটি তাঁকে এক্সেল্যান্ট টিচার হিসেবে পুরস্কার দেয়।
পাঁচ মাসের ব্যবধানে নিউইয়র্ক ‘স্টেট ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়েল’–এ ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে বার্ষিক আটাশ হাজার ডলার বেতনে নিয়োগ পান কাজী আশরাফ। এসব কাজের পাশাপাশি তিনি সামাজিক কার্যক্রমও চালিয়ে যান। এক বছরের মধ্যে তিনি বার্ষিক ৩১ হাজার ডলার বেতনে মার্টিন লুথার কিং হাসপাতালে কাজে যোগ দেন। এরই মধ্যেই তিনি আমেরিকার স্থায়ী আবাসন পেয়ে যান। ১৯৯০ সালে তিনি নিউইয়র্ক সিটির হেলথ অ্যান্ড করপোরেশনে হেলথ কেয়ার ইনভেস্টিগেটর হিসেবে যোগ দেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বাসার কাছে গায়নিজ আবদুল মালেক নামের একজন রিয়াল এস্টেট ব্রোকারের পরামর্শে চাকরি অবস্থায় তিনি রিয়াল এস্টেট ‘ফর ক্লোজার’ বিজনেসে জড়িয়ে পড়েন। এখন তিনি একজন প্রতিষ্ঠিত রিয়াল এস্টেট ব্যবসায়ী।
১৯৯২ সালে প্রথম কিনতে পারলেন তার নিজের বাড়ি। তারপর রিয়াল এস্টেটের ব্যবসাকে তিনি তার প্রধান উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিলেন। সেই সঙ্গে অনেক বাংলাদেশিকে এই ব্যবসায় উদ্বুদ্ধ করেন, যাদের অনেকে এখন মিলিয়ন ডলারের মালিক। ২০০২ সালে তিনি নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল করপোরেশনের চাকরি থেকে অব্যাহতি নেন এবং পুরোপুরি একজন রিয়াল এস্টেট ইনভেস্টর হিসেবে আত্মপ্রকাশ করেন।
সমাজ সেবার প্রশ্নে কাজী আশরাফ বলেন, কোন ধরনের সেবামূলক কাজের প্রচার করতে তিনি চান না। তিনি একজন নীরব দাতা হিসেবে থাকতে চান। তিনি বাংলাদেশের আইএলএফ, বিএল, এফ অ্যান্ড সিএলএফের আজীবন সদস্য। ১৯৮২ সাল থেকে মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের গরিবদের মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল, ১টি করে লুঙ্গি ও শাড়ি, সেমাই, চিনি বিতরণ করে যাচ্ছেন। এখন তার পরিমাণ বাড়িয়ে ১০ কেজি চাল করেছেন। পার্শ্ববর্তী তিনটি ইউনিয়নসহ প্রায় ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার লোককে তার একক উদ্যোগে প্রতিবছর রমজান মাসে এসব বিতরণ করেন। এ ছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেন।
কাজী আশরাফ বলেন, এখানে তিনি মিরসরাই সমিতি ইউএসএ ইনকের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান। ২০১৬ সালে তিনি ওই সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন এবং নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে বাংলাদেশ সোসাইটির সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দেন।
এসব সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত হতে তাকে কোন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিনা জানতে চাইলে কাজী আশরাফ বলেন, হ্যাঁ অবশ্যই। যেমন দীর্ঘ এক বছর ভুল প্রচারের পর ২০১৮ সালের জুনে নয়ন-আলী পরিষদের পক্ষে প্রায় ১৭হাজার প্রবাসী বাংলাদেশিদের সোসাইটিতে ভোটার হিসেবে রেজিস্ট্রি করান। ২০১৮ সালের ৪ আগস্ট নির্বাচন কমিশনার জামাল আহমেদ আমাদের নয়ন–আলী প্যানেলের দুজন সদস্যকে কোন কারণ ছাড়াই বাদ দিয়ে ১৭ জনের প্যানেল ঘোষণা করেন। বাদ পড়া দুজন সদস্য সোসাইটির নির্বাচন কমিশনার এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের শরণাপন্ন হন। তিনি ১৭ জনের প্যানেল নিয়েই নির্বাচন করতে ব্যানার, লিফলেট, পোস্টার এবং ব্যালট পেপার ও চিঠি ছাপিয়ে ভোটারদের ঘরে ঘরে পৌঁছান।
কাজী আশরাফ আরও বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর দুজন বিক্ষুব্ধ সদস্য আদালত থেকে নির্বাচনের ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন। এই পরিস্থিতিতে বর্তমান প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার সময়ের আবেদন করে বাংলাদেশি প্রবাসীদের ভোগান্তিতে ফেলে দিলেন। আশরাফ বলেন, তিনি আশাবাদী ছিলেন, ২০১৯ সালের জানুয়ারিতে আদালতের কাছ থেকে একটা সুন্দর নির্দেশনা পেয়ে যাবেন হয়তো। কিন্তু এ পর্যন্ত আদালত থেকে কোন আদেশ না পাওয়ায় নয়ন-আলী প্যানেল ও সব প্রবাসী ভাই বোনেরা হতাশ হয়ে পড়েছেন।
কাজী আশরাফ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ সোসাইটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় বর্তমান পরিস্থিতি থেকে প্রবাসী বাংলাদেশিরা একটা সুন্দর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন দেখতে পাবেন। এ লক্ষ্য অর্জনে সবার ঐক্য একান্তই কাম্য বলে তিনি মনে করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে গিয়ে তিনি এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। সোসাইটির অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি তিন মাস নয়, এক বছর ধরে দেশে যেতে পারেন না।
কাজী নয়ন বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশনের অর্থ এবং বাংলাদেশ ভবনের আয়, মানুষের বার্ষিক চাঁদা নির্বাচিত প্রতিনিধি ছাড়াও বিভিন্ন ইভেন্টের নামে খরচ করা হয়, বাংলাদেশিদের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ ভবন এখনো কেনা হয়নি। প্রবাসীদের কল্যাণে তার চিন্তা–ভাবনা তুলে ধরতে গিয়ে বলেন, নিউইয়র্ক নগরে অব্যবহৃত (এশিয়ানদের জন্য বরাদ্দকৃত) ফান্ড এনে প্রবাসীদের ভবন কিনবেন। প্রবাসীদের জন্য ২৪/৭ ইমিগ্রেশন হটলাইন চালু করবেন এবং এসব মামলায় নিজে অ্যাটর্নি নিয়োগ দেবেন। অনভিজ্ঞ লোকদের চাকরির জন্য যোগ্যতানুসারে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, সেই সঙ্গে তাদের চাকরি পাইয়ে দেওয়ারও চেষ্টা করবেন।
বাংলাদেশিদের প্রাণের দাবি, নিউইয়র্ক–ঢাকা বাংলাদেশ বিমান আবার চালুর জন্য সরকারের সঙ্গে দেনদরবার করবেন। যেসব অভিবাসী টেক্সাস ডিটেনশন সেন্টারে উপযুক্ত অভিভাবকের অভাবে পড়ে আছেন, তাদের ছাড়িয়ে এনে চাকরি দিতে সাহায্য করা ছাড়াও আইনি সুবিধা দেবেন। নতুন কোনো প্রবাসী তাঁর কাছে সহযোগিতা চাইলে তিনি অবশ্যই তা করবেন।
দেশে এবার সেবামূলক কী কী কার্যক্রম হাতে নিয়েছেন, এমন প্রশ্নে কাজী আশরাফ বলেন, আগামী রমজানের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে যাবেন। দেশে এবার রমজানে তার মেহমানের সংখ্যা বেড়ে ১০ হাজারে পৌঁছাবে। তার মধ্যে ১০০ জনকে গরু এবং ছাগল দান করার আশা রাখেন। ইতিমধ্যে তিনি ৩৫ মেট্রিক টন চাল কিনে প্রতিজনে ১০ কেজি করে প্যাকেট করার জন্য জানিয়ে দিয়েছেন। ১০ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করবেন। নিজ গ্রামসহ পার্শ্ববর্তী ২ গ্রামের লোকের জন্য সেমাই, চিনি, বরাদ্দ থাকবে।
দান–সদকার পাশাপাশি নিজের জন্যও ভবিষ্যত মাথায় রেখে কাজ করছেন আশরাফ। জানালেন, বর্তমানে ১০টির বেশি বাড়ির মালিক তিনি। এগুলোর মধ্যে নিজের নাম ছাড়াও বিভিন্ন করপোরেশনের বা এলএলসির নামে রয়েছে। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ হল, সময় নষ্ট না করে ব্যাচেলর ডিগ্রি ও মাস্টার ডিগ্রির সনদপত্রগুলো মূল্যায়ন করিয়ে নিতে। বিভিন্ন ট্রেনিং নেওয়ার কথা বলেন, বিভিন্ন সিটি জবের জন্য চেষ্টা করতে। উচ্চশিক্ষিতদের যারা ইংরেজিতে দুর্বল তাদের উদ্দেশ্যে ইংলিশ নিউজ শোনা অব্যাহত রাখতে, ইএসএল কোর্স করতে, ইংলিশে কথা বলার চেষ্টা করতে পরামর্শ দেন। যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে আইটির ওপর প্রশিক্ষণ নেওয়ার ওপর জোর দেন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এ দেশে ড্রাইভিং লাইসেন্স জীবনের জন্য একটা বড় সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
কাজী আশরাফ নতুন আগত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, এখানে এসে কেউ যেন হতাশায় না ভুগেন, এখানে কাজ করার জন্য একটু যোগ্যতা অর্জন করলে টাকা আয়ের পথ খোলা আছে।