সমাজসেবা সংগঠনের জন্য নিউইয়র্ক ক্যাবচালকদের ক্যালেন্ডার

নিউইয়র্ক শহরের ক্যাব সার্ভিসকে দীর্ঘদিন ধরেই অনেক সমালোচনা শুনতে হয়েছে। ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘বেপরোয়া’সহ নানা বিশেষণ নিয়মিতই শুনতে হয়েছে এই খাতকে। এখন একটি সমাজসেবামূলক সংগঠনের পাশে দাঁড়িয়ে এর একটি জুতসই উত্তর তৈরি করেছে তারা। আর এ জন্য তারা এনেছে নান্দনিক একটি ক্যালেন্ডার।
হলুদ ক্যাবের পশ্চাৎপটে ১২ জন ক্যাব চালকের উত্তেজক ও নান্দনিক বিভিন্ন ভঙ্গিমার ছবি সংবলিত এ ক্যালেন্ডারের বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে নিম্ন আয়ের অভিবাসীদের সহায়তায়। নিউইয়র্ক শহরের ক্যাবচালকদের ক্যালেন্ডারের এ পরিকল্পনাটি এসেছে ফিল ও শ্যানন কার্কম্যান দম্পতির মাথা থেকে। আর এ ভাবনার পেছনে অনুপ্রেরণা হয়ে কাজ করেছে দমকলকর্মীদের বের করা আকর্ষণীয় ক্যালেন্ডারের জনপ্রিয়তা।
এ বিষয়ে ফিল কার্কম্যান প্রেসহেরাল্ডকে বলেন, ‘কয়েকটি কারণে এ ভাবনা মাথায় আসে। প্রথমেই বলতে হয়, ট্যাক্সি চালকের মুখ সাধারণত কারও নজরে আসে না। আপনি ক্যাবে ওঠার পর থেকেই চালক সামনে তাকিয়ে থাকে। আর এটিই একজন চালকের সঙ্গে যেকোনো মানুষের সাধারণ অভিজ্ঞতা। আর এখান থেকেই তাদের সবার সামনে তুলে ধরার এ ভাবনা আমাদের মাথায় আসে।’
এ ক্যালেন্ডারের দাম ধরা হয়েছে ১৪ ডলার ৯৯ সেন্ট। এর একটি অংশ দেওয়া হবে ইউনিভার্সিটি সেটেলমেন্ট নামের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে, যারা নিম্ন আয়ের অভিবাসীদের সহায়তা করে থাকে। সংগঠনটির সঙ্গে পাঁচ বছর কাজ করা হবে। এরই মধ্যে নিম্ন আয়ের অভিবাসীদের জন্য ৬০ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে অভিবাসীদের বেছে নেওয়ার কারণ হিসেবে ফিল কার্কম্যান বলেন, ‘নিউইয়র্কের ক্যাবচালকদের অধিকাংশই অভিবাসী। আর এ কারণেই আমরা এমন একটি প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে বেছে নিয়েছি, যারা অভিবাসীদের জন্য কাজ করে।’
২০১৮ সালের ট্যাক্সি ক্যালেন্ডারের জন্য মডেল হয়েছেন ১১ জন পুরুষ ও একজন নারী। সবগুলো আলোকচিত্রই পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবে। একটি ছবিতে দেখা গেছে টেরি স্যামলাল ও মি. নভেম্বরকে। এ ছবিতে চালককে তাঁর নারী আরোহীর কাছ থেকে ১০০ ডলার বকশিশ নিতে দেখা যায়। কিন্তু ওই মডেল জানান, বাস্তবে এত বড় বকশিশ তিনি এ জীবনে পাননি।
টানা দ্বিতীয় বছরের মতো ক্যালেন্ডারে মডেল হয়েছেন ৩৪ বছর বয়সী ক্যাবচালক লুইজ মার্তে। গত বছর তিনি বুকখোলা শার্ট গায়ে মডেল হয়েছিলেন। আর ওই আলোকচিত্র দেখে বহু নারী নাকি তাঁকে ফেসবুকে ম্যাসেজ পাঠিয়েছেন। তবে বিষয়টি নিজের স্ত্রীর কাছে চেপে গেছেন বলেই জানান তিনি।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ ক্যালেন্ডার অনেক ক্যাবচালককে তাঁদের নিত্যদিনের সংকট থেকে বেরিয়ে একটু শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে কাউকে কাউকে দিয়েছে তারকাখ্যাতি। আর এটি একই সঙ্গে নিউইয়র্কের ক্যাবচালকদের সামাজিক দায়িত্ববোধের জায়গায় কাজ করার একটি বড় সুযোগ করে দিয়েছে।