
দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফর শেষে নিউইয়র্কে ফিরে সমালোচনার মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। মহাসচিব নিজে মুখে না বললেও বিভিন্ন দক্ষিণ কোরীয় তথ্যমাধ্যমে খোলামেলাভাবেই বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হতে আগ্রহী। এই সফরকালে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তাঁদের মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রীও আছেন।
ইতিমধ্যে নেওয়া একাধিক জনমত জরিপ অনুসারে, মহাসচিব বান এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন সায়ানুরি পার্টি সেই কথা মাথায় রেখে তাঁকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিচ্ছে বলে জানা গেছে। গত সপ্তাহে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দলের একজন মুখপাত্র বান কি মুনের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বাতিল করেননি।
সমস্যা হলো, জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৬ সালে গৃহীত এক সিদ্ধান্তে সংস্থার কোনো মহাসচিবকে নিজ দায়িত্ব পালন শেষে কোনো সরকারি দায়িত্ব গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। বিশ্ব সংস্থার প্রধান হিসেবে ‘গোপনীয়’ বিভিন্ন বিষয়ে তিনি অবগত আছেন, রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করলে সে ‘গোপনীয়তা’ নষ্ট হতে পারে, সে কারণেই সাধারণ পরিষদ তার প্রথম অধিবেশনেই সাধারণ সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত মেনে চললে বান কি মুন প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন না। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবশ্য এই সিদ্ধান্ত আইনিভাবে বাধ্যতামূলক নয় ব্যাখ্যা করেছেন। ‘একে বড়জোর একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলা যায়’ বলে ওই মুখপাত্র জানান। একাধিক কোরীয় সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরেও প্রশ্নটি আলোচিত হয়েছে। মহাসচিব এই সিদ্ধান্তের কথা জানেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মহাসচিবের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, বান কি মুন খবরটির সঙ্গে পরিচিত। কিন্তু যেহেতু তিনি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, অতএব তা নিয়ে জল্পনা-কল্পনার কোনো মানে হয় না। মুখপাত্র আরও বলেন, বান কি মুন এই মুহূর্তে মহাসচিব হিসেবে তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব পালনে মনোনিবেশ করছেন। ডিসেম্বরে দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরেই এ ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন, তার আগে নয়।
বান কি মুন তাঁর দক্ষিণ কোরিয়া সফরের সময় বিভিন্ন দলের রাজনীতিকদের সঙ্গে মত বিনিময় করেন। সেসব কার্যক্রম মহাসচিব হিসেবে তাঁর দায়িত্বের মধ্যে পড়ে কি না, এবং জাতিসংঘের অর্থে এই ব্যক্তিগত সফর নীতিসম্মত কি না, সে প্রশ্নও উঠেছে।
বিভিন্ন কোরীয় সংবাদপত্রে জানানো হয়েছে, বানের নির্বাচনী প্রচারণায় সমন্বয়ের দায়িত্ব পালন করছেন জাতিসংঘের নিরস্ত্রীকরণ দপ্তরের প্রধান উপমহাসচিব কিম উন সু। একই সঙ্গে উপমহাসচিব ও ব্যক্তিগত রাজনৈতিক কার্যকলাপ জাতিসংঘের গৃহীত পেশাদারি নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ কি না, এমন একটি প্রশ্ন মহাসচিবের মুখপাত্রের কাছে সরাসরি জানতে চাওয়া হয়। অত্যন্ত বিব্রত মুখপাত্র ফারহান হক উত্তরে বলেন, ‘কিম এই মুহূর্তে নিরস্ত্রীকরণ দপ্তরের প্রধান। ভবিষ্যতে যদি তাঁর সে দায়িত্ব পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে তাঁকে আমাদের সে কথা জানাতে হবে।’