সমালোচনায় মুখর ১৩৪ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন ১৩৪ জন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ। তাঁদের মত, আগের দফার নিষেধাজ্ঞার সঙ্গে এর কোনো পার্থক্য নেই এবং এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ ক্ষুণ্ন হবে।
মার্কিন সরকারের সাবেক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা গত শুক্রবার একটি চিঠিতে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। তাঁরা বলেন, মুসলিমদের কাছে, বিশেষ করে যারা ইসলামিক স্টেটের (আইএস) হাতে আক্রান্ত হয়েছে, তাদের কাছে এই নিষেধাজ্ঞা ভিন্ন বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। মুসলিম ভ্রমণকারী এবং শরণার্থীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হলে বরং সন্ত্রাসবাদীরা মিথ্যা প্রমাণিত হবে। তাদের প্রচারণায় মানুষ ভুলবে না।
চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে অনেকে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট আমলে পররাষ্ট্রবিষয়ক নানা পদে দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সাবেক প্রধান জ্যানেট নাপোলিটানো, জ্যেষ্ঠ কূটনীতিক নিকোলাস বার্নস, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস, সাবেক কাউন্টার টেররিজম-প্রধান রিচার্ড ক্লার্ক, প্রতিরক্ষা দপ্তরের সাবেক আন্ডার সেক্রেটারি মিশেল ফ্লোরনয় প্রমুখ।
ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা বাতিল করে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, তার সঙ্গে মিল আছে বিশেষজ্ঞদের বক্তব্যে। চিঠিতে তাঁরা বলেন, ‘এই নিষেধাজ্ঞা মার্কিন জাতীয় স্বার্থের বিরোধী এবং মহান জাতি হিসেবে আমাদের মর্যাদা হানি করবে। এর ফলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যোগ্যতা দুর্বল হয়ে পড়বে।’
ট্রাম্পের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলির কাছে এই চিঠি পাঠানো হয়েছে। নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশ ১৬ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। নতুন আদেশে ইরাকের নাম বাদ দিয়ে ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ।