সম্পর্ক অক্ষুণ্নে জোর বিশ্বনেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার সময় রিপাবলিকান পার্টির সমর্থকদের উল্লাস l রয়টার্স
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার সময় রিপাবলিকান পার্টির সমর্থকদের উল্লাস l রয়টার্স

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্ররা প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি সম্পর্ক অক্ষুণ্ন থাকার ওপর জোর দিয়েছেন। ন্যাটো মিত্রদের মধ্যে ফ্রান্স ও জার্মানি ট্রাম্পের জয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন, রুশ-মার্কিন সম্পর্কের বর্তমান সংকট কাটাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
ট্রাম্পের বিজয়ে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়া, যুক্তরাজ্য, ন্যাটো জোট, ইউরোপীয় কাউন্সিল, চীন, ফ্রান্স, ইরান, জাপান, তুরস্কসহ বিভিন্ন দেশ ও জোটের শীর্ষ নেতারা।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সব সময়ই গুরুত্বপূর্ণ...যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভালোর জন্যই ন্যাটো শক্তিশালী করা দরকার।’
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার বলেছেন, ট্রান্স-আটলান্টিক সম্পর্ক জোরদারের এখনই সময়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী ও বিশেষ সম্পর্কের ভিত্তি স্বাধীনতা, গণতন্ত্র এবং প্রচেষ্টা। সামনের সময়গুলোয় দুই দেশের এ সম্পর্ক আরও নিরাপদ ও ফলপ্রসূ করতে আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করায় আগ্রহী।’
তবে মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কণ্ঠে ছিল সংশয়ের সুর। তিনি বলেছেন, ট্রাম্পের জয় এক ‘অনিশ্চয়তার’ যুগের সূচনা করল।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, ‘আমরা পরিবর্তনের ধারার মধ্য দিয়ে যাচ্ছি। আমি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই। আশা করছি, নিজের কাজ তিনি ভালোভাবেই সমাধা করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতালির বন্ধুত্ব অত্যন্ত দৃঢ়।’
পুরোনো মিত্র জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ট্রাম্পকে ‘হৃদয় নিংড়ানো’ অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনড়।’
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আশা প্রকাশ করেছেন, তাঁর দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অটুট থাকবে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি তুলনামূলক হারে আরও কম আন্দাজ করা যাবে। এ ছাড়া নিজের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশটির অবনতি ঘটতে পারে বলে আমি মনে করি। অপরদিকে, কোনো কিছুই আর সহজ থাকবে না, অনেক কিছুই আগের চেয়ে আরও কঠিন হয়ে যাবে।’
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী লু কাং বলেছেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে আছি এবং আশা করছি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নতুন মার্কিন সরকারের সঙ্গে কাজ করতে পারব।’
ইরান-মার্কিন সম্পর্ক দীর্ঘদিনের শীতলতার পর পরমাণু চুক্তির বদৌলতে স্বাভাবিক হওয়ার পথে অনেকটা এগিয়েছে। ট্রাম্প এ সম্পর্ক স্বাভাবিকীকরণের বিপক্ষে ছিলেন। এ প্রেক্ষাপটে রক্ষণশীল ট্রাম্পের বিজয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টকেই চলমান বিশ্বের বাস্তবতা উপলব্ধি করতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টকে চুক্তি ও সংশ্লিষ্টতার বিষয়গুলোয় দৃঢ় থাকতে হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ‘আমরা নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আলোচনার ব্যাপারে প্রস্তুত।’ তবে ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ট্রাম্পের এ জয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা মুছে দেওয়ার একটি সুযোগ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই আশা প্রকাশ করে বলেছেন, উত্তর কোরিয়াকে চাপে রাখার ব্যাপারে সিউল ও ওয়াশিংটনের মধ্যকার যে নীতি, তা নতুন মার্কিন প্রশাসনের সময় অক্ষুণ্ন থাকবে।