সম্পর্ক নষ্ট করবে মার্কিন বাণিজ্য তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যে চীন অন্যায্য পথ অবলম্বন করছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চীনের একটি রাষ্ট্রীয় সংবাদপত্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, এতে করে চীন-মার্কিন সম্পর্কে বিপর্যয় দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গত শনিবার বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার চীনা বাণিজ্যের ব্যাপারে তদন্ত করা হবে কি না, সে ব্যাপারে নির্দেশনা দেবেন।

ট্রাম্প এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তখনই নিলেন, যখন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। পিয়ংইয়ংকে নিবৃত্ত করতে বেইজিংকে আরও কিছু করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, চীনের সরকার উত্তর কোরিয়ার ওপর কড়াকড়ি আরোপ করলে তিনি বেইজিংয়ের প্রতি আরও নমনীয় হবেন।

এই পরিপ্রেক্ষিতে চীনের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় দৈনিক দ্য চায়না ডেইলির সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেওয়ার পরিবর্তে বাণিজ্য নিয়ে রাজনীতি চীন-মার্কিন সম্পর্ক ‘বিষাক্ত’ করে তুলবে। সম্পাদকীয়তে দাবি করা হয়, পিয়ংইয়ংকে নিবৃত্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের এভাবে চীনের ওপর চাপ সৃষ্টি করাটা অন্যায্য পদক্ষেপ। এতে আরও বলা হয়, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অভিলাষে বেইজিংকে দোসর মনে করা এবং ব্যর্থতার জন্য দোষারোপের চেষ্টা করা সব স্টেকহোল্ডারের জন্য একটি ব্যর্থতা। ট্রাম্প ভুল সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক জোটে বিভেদ সৃষ্টির ঝুঁকি নিচ্ছেন।’

দ্য চায়না ডেইলির সম্পাদকীয়তে আরও বলা হয়, আশা করা যায়, ট্রাম্প অন্য কোনো পথ বেছে নেবেন। বেইজিং ও ওয়াশিংটন পরস্পর মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

তবে যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তা দাবি করেছেন, বাণিজ্য নিয়ে এই তদন্তের সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুর কোনো সম্পর্কই নেই। কাজেই তা চাপ সৃষ্টির লক্ষ্যে নেওয়া কোনো পদক্ষেপ নয়।

এএফপি জানায়, চীন উত্তর কোরিয়া থেকে লোহা, আকরিক লোহা ও সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করবে। জাতিসংঘের নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানিয়েছে।