সম্পর্কের ক্ষেত্রে যত্নবান হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু সম্পর্কের শুরু হয় নতুন বন্ধনের মাধ্যমে। জীবন ধীরে ধীরে নতুন দিকে মোড় নেয়। সমাজের মধ্যে একজন হয়ে উঠতে ব্যস্ত হয়ে ওঠে মানুষ। সম্পর্কের রসায়ন সঞ্চারিত হয় নতুন প্রজন্মের মধ্যেও।
আবার কিছু সম্পর্ক রক্তের হয়েও করে বিশ্বাসঘাতকতা। কিছু সম্পর্ক এতটাই নাজুক হয় যে, তাকে সমাজের কথা দশবার ভাবতে হয়। প্রকাশে থাকে ভয়। বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদেরই নিজেকে আড়াল করে রাখতে দেখা যায়। আর পুরুষ পয়সার জোরে অনেক সময়ই এ ধরনের সম্পর্কের প্রমাণ মুছে ফেলে। নারী যে শ্রেণিরই হোক—এমন বাস্তবতার মুখে তাকে হামেশাই পড়তে দেখা যায়।
দেশে ও প্রবাসে অগণিত নারী রয়েছেন, যারা কর্মক্ষেত্রে নাম-যশ অর্জন করেছেন। নিজ মেধাবলে সমাজের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। কিন্তু এই সফল নারীদের অনেককেই নিজ ঘরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। নিজের সাফল্যের জন্য ঘরে প্রশংসার বদলে অনেকের কপালে ভর্ৎসনা জোটে শুধু। সম্পর্ক ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়। এ ভয় নারীর তুলনায় পুরুষকেই বেশি দেখাতে দেখা যায়। নারীকে যেকোনো কিছু মেনে নিতে বাধ্য করতে অনেকটা মোক্ষম অস্ত্রের মতো করে এটি ব্যবহার করা হয়। নারীকে দুর্বল ভাবা পুরুষ নারীর সৃজনশীলতাকে উপহাসের চোখে দেখে। কতজন নারীর স্বামী তার স্ত্রীর চোখের পানি মুছে দেয়? অথবা কতজন আছে যে, নারীটির কষ্টের কারণ জানতে চায়?
সম্পর্কের আরেকটি সুন্দর অঞ্চলও রয়েছে, যেখানে গভীর ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া—সবই থাকে। স্ত্রীর কোনো অনুষ্ঠানে নিজে অংশ না নিলেও সময়ের আগেই তাকে সেখানে পৌঁছে দেওয়া বা নিরাপদে বাড়ি নিয়ে যাওয়ার কাজটি করেন অনেকে। এ ধরনের পুরুষ সম্পর্কের নারীটির আত্মবিশ্বাস ও আস্থা বাড়িয়ে দেয়। এ ধরনের সম্পর্কেই থাকে ভালোবাসা। সম্পর্কের এই বন্ধন একদিনে অর্জন করা যায় না। এ জন্য পরস্পরকে দোষারোপের বদলে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়াটা জরুরি। যেকোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি হলে, তা জিইয়ে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব ধৈর্যের সঙ্গে একে অপরের কথা শোনার বা বোঝার চেষ্টা করতে হবে। যেকোনো অভিযোগ ঠান্ডা মাথায় শুনতে হবে। সম্পর্কে বিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরি।

লোকের কথায় কি যায় আসে
যদি ঘরই কথা কয়,
নিন্দুকের মুখ বাঁধতে পারি
যদি বিশ্বাস তৈরি হয়।

পাঁচজনের কথায় লাগে যদি আগুন
ঘরের শত্রু বিভীষণ বাড়ায় তা দ্বিগুণ।
উড়ো কথার ডিগবাজি
চলে শত আড্ডায়,
মানুষ মরলে লোক নাই
ভাইরে যেতে জানাজায়।

কিছু মানুষ মুখোশধারী
আবার কিছু চতুর বহুরূপী।
মানুষ নিয়ে খেলতে তারা ওস্তাদ
করে জীবন নস্যাৎ।
কী করে চিনব ভাই
মুখে তালা লাগাই।

পিছলে পড়ার ভয় থাকলেও
চলো হে ভাই অদম্যে,
মনের সাহস আর বিশ্বাসে
পৌঁছে যাবে তুঙ্গে।