সম্মাননা জানানো হচ্ছে দুই প্রবীণ সাংবাদিককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান ও  গজনফর আলী চৌধুরী
মাহবুবুর রহমান ও গজনফর আলী চৌধুরী

নিউইয়র্কের প্রবীণ দুই সাংবাদিককে সংবর্ধনা দিচ্ছে প্রবাসী নাগরিক সমাজ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ সাংবাদিক গজনফর আলী চৌধুরী ও নিউইয়র্ক থেকে প্রকাশিত একাধিক পত্রিকার প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানের প্রবাসী নাগরিক সংবর্ধনা। 

৭ জানুয়ারি জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় সংবর্ধনা শুরু হবে। আয়োজকদের পক্ষে সুব্রত বিশ্বাস ও শাহাব উদ্দিন নিউইয়র্কে বসবাসরত সব প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সংবাদপত্রসেবী, সাংবাদিকসহ সচেতন প্রবাসীদের সংবর্ধনায় উপস্থিত হয়ে দেশের ও প্রবাসের দুই দেশপ্রেমিককে প্রবাসী প্রবীণ সাংবাদিককে সম্মাননা জানানোর অনুরোধ জানিয়েছেন।

মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক। দেশের বাইরে বাংলা সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ। স্বাধীন বাংলাদেশে তরুণ বয়সে মাহবুব সম্পাদনা সহকারী হিসেবে সংবাদপত্রে কাজ শুরু করেছিলেন। দেখেছেন দেশে-বিদেশে বাংলা সংবাদপত্রের উত্থান-পতন। একদম মাঠ থেকে সাংবাদিকতা শুরু করে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে পেছনে ফিরে দেখেন নিজের হাতে কত সংবাদকর্মী গড়েছেন! সমাজ-সংস্কৃতির নানা ঘটনার নেপথ্যের ঝাঁপি নিয়ে দূর প্রবাসে এখন অবসরে সময় কাটান মাহবুবুর রহমান। ৬৫ বছরের জীবনে সংবাদপত্র আর সাংবাদিকতা ছাড়া কিছুই করেননি। শরীর-মন ভালো থাকলে, সময় পেলে আসতে চান প্রথম আলোর উত্তর আমেরিকা অফিসে। মাহবুবুর রহমান জানালেন নিজের কথা, দেশের কথা, প্রবাসের কথা।
সিলেট শহর-সংলগ্ন জালালপুর গ্রামে জন্ম মাহবুবুর রহমানের। ডাকসাইটে সাংবাদিক সিলেটের প্রাণ পুরুষ আমিনুর রশীদ চৌধুরীর মালিকানায় দেশের প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরী তখন মর্যাদাসম্পন্ন পত্রিকা হিসেবে সমাদৃত। ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে যুগভেরীতে যোগ দেন মাহবুবুর রহমান। ছয় মাসের মধ্যেই কর্মদক্ষতার গুণে পত্রিকাটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পান। আরও ছয় মাস পর ১৯৭৩ সালে যুগভেরী পত্রিকার পুরো দায়িত্ব মাহবুবুর রহমানের ওপর ন্যস্ত করে মালিকপক্ষ।
স্মৃতি রোমন্থন করে মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকতায় তাঁর গুরু মরহুম আমিনুর রশীদ চৌধুরী। তাঁর স্ত্রী ফাহমিদা রশীদ চৌধুরী সহায়তা দিয়েছেন অনেক। ঢাকার বাইরে একমাত্র যুগভেরী পত্রিকায় মানসম্পন্ন নারী পাতা ছিল।
মাহবুবুর রহমান অবশ্য লেখালেখি শুরু করেন ষাটের দশকে। তৎকালীন পূর্বদেশ পত্রিকায় নিয়ামত আলী ছদ্মনামে লিখতেন। যুগভেরীর সঙ্গে জড়িত হওয়ার পর ১৯৭৪ সালে সংবাদ পত্রিকার সিলেটের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। সংবাদ সম্পাদক আহমেদুল কবির ও আমিনুর রশীদ ছিলেন চা-বাগানের মালিক। সেই সুবাদে মূলত সংবাদ সম্পাদকের অনুরোধে আমিনুর রশীদ তাঁকে সংবাদ পত্রিকায় যুক্ত করে দিলেন। সারা দেশে তখন সংবাদ-এর মাত্র চারজন স্টাফ রিপোর্টার ছিলেন, যাঁদের নিয়মিত বেতন দেওয়া হতো।
সিলেটে তখন পেশাদার সাংবাদিকদের মধ্যে সক্রিয় ছিলেন বর্তমানে হাইকোর্টের আইনজীবী তাবারক হোসেইন। তবারক হোসেইন দৈনিক বাংলায় কাজ করতেন। সংবাদ-এ কাজ করার সময় দেশের নামকরা বামপন্থী নেতাদের সংস্পর্শে আসেন মাহবুবুর রহমান। বাম চিন্তাধারার লেখক সন্তোষ গুপ্তসহ আরও অনেকের আপন হয়ে ওঠেন তিনি। জানালেন, বামপন্থীদের মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও তখন অনেক মৌলিক বিষয়ে তাঁদের মধ্যে লক্ষণীয় ঐক্য ছিল। সংবাদ পত্রিকাকে সব বামপন্থী দল তাঁদের মুখপত্র মনে করত। বাম প্রগতিশীলদের রাজনৈতিক, সামাজিক ঘটনা-অণুঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বলেন, তখন সাংবাদিকতায় এখনকার মতো জৌলুশ ছিল না ঠিক, তবে সমাজে সাংবাদিকদের প্রতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা ছিল অনেক। এ কারণে অর্থের চিন্তা না করেই অনেকটা অ্যাডভেঞ্চারের মোহে সাংবাদিকতায় জড়িয়ে পড়েন।
১৯৮৯ সালে আমেরিকায় সপরিবারে চলে আসেন মাহবুবুর রহমান। যুগভেরীর মতো পত্রিকার সম্পাদনা করছেন তখন। সাংবাদিকতায় তখন সিলেটে তাঁর নাম উচ্চারিত হতো সবার আগে। প্রবাসে আসা নিয়ে অনেক দ্বিধায় ছিলেন। কোনো এক প্রিয়জনের অলৌকিক সিদ্ধান্তে প্রবাসজীবন শুরু। নব্বইয়ের দশকে নিউইয়র্কে বাংলাদেশিদের এত ব্যস্ততা ছিল না। যাঁরাই ছিলেন, একে অন্যের খোঁজ রাখতেন। নিউইয়র্কে আসার পরের সপ্তাহেই বাংলাদেশ সোসাইটির এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিউইয়র্কের সংবাদপত্র জগতে পা রাখেন। তখন বাংলাদেশ লিগ অব আমেরিকা নামের সংগঠন নিউইয়র্কে বেশ সক্রিয় ছিল। এ সংগঠনের ঠিকানা নামে একটি মাসিক মুখপত্র ছিল। পরে সেটি সাপ্তাহিক ঠিকানায় রূপান্তরিত হয়। শুরুতে পত্রিকার উদ্যোক্তাদের মধ্য ছিলেন মাহবুবুর রহমান, এম এম শাহিন ও কৌশিক আহমদ। ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি সাপ্তাহিক ঠিকানার যাত্রা শুরু হয়। শুরু হয় নিউইয়র্কে বাংলা সংবাদপত্রের নতুন দিগন্ত।
আমেরিকায় এসেও অন্য কোনো কাজে আর নিজেকে জড়াতে পারেননি মাহবুবুর রহমান। ঠিকানা থেকে পরে সাপ্তাহিক বাঙালি হয়ে সাংবাদিক আবু তাহের ও নিয়াজ মখদুমকে নিয়ে নিজের সম্পাদনায় বের করেন সাপ্তাহিক বাংলা পত্রিকা। পরে নিজে আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন সাপ্তাহিক নিউইয়র্ক নামে।
ঠিকানার শুরুর দিকে শুধু যাতায়াত ভাতা নিয়ে কাজ করতে হয়েছে। প্রবাসের বৈরী পরিবেশে মুদ্রণ ও তথ্য সংগ্রহের ঝামেলার কথা উল্লেখ করলেন। সব সামাল দিয়ে আজ থেকে দুই দশক আগে আমেরিকার মতো দেশে বাংলা পত্রিকার প্রকাশ কতটা দুরূহ ছিল, তা এখন অনেকের পক্ষেই অনুমান করা সম্ভব নয়।
প্রবীণ এই সাংবাদিক প্রথম আলো উত্তর আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন , ‘প্রবাসে আমাদের ন্যায্য পাওনা আদায়ে কোনো শক্তিশালী প্রেসার গ্রুপ তৈরি করতে পারিনি।’ অনেকটা আক্ষেপের সঙ্গেই বললেন, ‘এখানে নানা সংগঠন আমরা করেছি। সভা-সমিতি অনেক হচ্ছে। প্রতি সপ্তাহে নিয়মিত বাংলা সংবাদপত্র প্রকাশিত হচ্ছে দুই ডজনের বেশি। তারপরও নিউইয়র্কে কমিউনিটি হিসেবে আমরা কোনো প্রেসার গ্রুপ হয়ে উঠতে পারিনি।’
বর্তমানে মাহবুবুর রহমানের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। নিয়মিত চিকিৎসক আর সতর্ক চলাফেরায় দিন কাটে স্মৃতি হাতড়ে। বললেন, সাংবাদিকতা জীবনের শুরুতে যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের জ্ঞান আজও চলার পথের পাথেয় মনে করেন।
প্রথম আলো উত্তর আমেরিকা প্রবাসে বাংলা সংবাদপত্রের এক মাইলফলক উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, মানে ও গুণে পত্রিকাটি আকর্ষণীয়। নিউইয়র্কে বাংলা সংবাদপত্রের অন্যতম স্থপতি প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান এই পত্রিকার সাফল্য কামনা করেন। সময় পেলে নিয়মিত আসেন প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে। এক মাস ধরে নিয়মিত লিখছেন প্রথম আলোর জন্য। জানালেন, ‘প্রথম আলোর মতো পত্রিকা নিউইয়র্কে এসেছে, ভাবলেই আনন্দ পাই। এ আনন্দ যাত্রার শুরুটা আমরা করেছিলাম, ভাবলেও তৃপ্তি পাই।’

গজনফর আলী চৌধুরী
আমেরিকায় তখন ব্যাপকভাবে বাংলাদেশিদের অভিবাসন হয়নি। গত শতাব্দীর আশি বা নব্বইয়ের দশকে যে কয়েকজন অগ্রসর প্রবাসী কমিউনিটির প্রতিনিধিত্ব করতেন, তাঁদের মধ্যে অন্যতম গজনফর আলী চৌধুরী। এক সময় দেশে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জীবনের নোঙর তাঁকে ভাসিয়ে নিয়ে এসেছে আটলান্টিকের এই পাড়ে।
দেশের পোড় খাওয়া রাজনীতিবিদ গজনফর আলী আমেরিকায় এসে বসবাস শুরু করেন নিউইয়র্কে। প্রবাসের যাপিত জীবনে ট্যাক্সি চালিয়েছেন, বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ করেছেন, কমিউনিটি সংগঠনে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জীবনের বেলা ভূমে দাঁড়িয়ে নিজের চাওয়া-পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই, অবশ্য ভাবেনওনি কখনো। এখনো সময় হলে, শরীর সুস্থ থাকলে চলে যান কমিউনিটির কাজে। অবসর কাটে পত্রপত্রিকা পড়ে।
কুইন্সের জ্যামাইকায় এখন তাঁর বসবাস। দরজায় কলিং বেল টিপতেই একতলা থেকে ধীরে ধীরে নেমে এলেন হাস্যোজ্জ্বল গজনফর আলী চৌধুরী। শুরু হলো নিজের উত্তাল দিনের কথা। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে হাতেখড়ি, একসময় ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হলেন। রাজনীতির পাশাপাশি চলে পড়াশোনা। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি নেন। ওই বছর গণ-আন্দোলনে অংশ নেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। একাত্তরে মহান মুক্তিযুদ্ধ, কৈলাস শহর সাব-সেক্টরের অধীনে গেরিলা বাহিনীতে ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭৪ সালে বাকশাল গঠিত হলে বঙ্গবন্ধুর আহ্বানে মৌলভীবাজার জেলা বাকশালের যুগ্ম সম্পাদকের দায়িত্ব নেন গজনফর আলী চৌধুরী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আবার গ্রেপ্তার হন তিনি। ১৯৭৬ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কিছুদিন পর সপরিবার চলে আসেন নিউইয়র্কে।
গজনফর আলী চৌধুরী বলেন, প্রবাসে শুরু হয় আরেক যুদ্ধ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রথমে রেস্টুরেন্টে, পরে নিউইয়র্ক সিটি ট্রানজিটে কিছুদিন কাজ করেন। এরপর কিছুদিন ইয়েলো ক্যাব চালাতে হয়। দেশে থাকতে একসময় সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন কিছুদিন। ডেইলি নিউজ পত্রিকায় কাজ করেছেন। নিউইয়র্ক থেকে একটি বাংলা সংবাদপত্র প্রকাশের কথা ভাবেন।
১৯৯১ সালে নিউইয়র্ক থেকে সংবাদ পত্রিকার প্রকাশনা শুরু করেন। এ কাজে সহায়তা এগিয়ে আসেন তাঁর স্ত্রী সাবেক সাংসদ সৈয়দা হাসনা বানু। গজনফর আলী চৌধুরী বলেন, কমিউনিটি বাড়ছিল। বিদেশে বসে দেশের সংবাদ পাওয়ার জন্য উন্মুখ প্রবাসীদের কাছে তখন প্রবাসের বাংলা পত্রিকা যক্ষের ধনের মতো ছিল। ইন্টারনেট ছিল না। ইন্টারনেট আসার শুরুতে দেশের সংবাদপত্রের কোনো অনলাইন সংস্করণ ছিল না।
১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সাপ্তাহিক সংবাদ প্রকাশিত হয়েছে নিউইয়র্ক থেকে। ২০০০ সালের মার্চ মাসে ওপেন হার্ট সার্জারি হলে চিকিৎসকের পরামর্শে সংবাদ প্রকাশনা বন্ধ করে দেন।
গজনফরের এই প্রবাস জীবনে সময় দ্রুত বদলে গেছে। প্রযুক্তির উল্লম্ফন স্বপ্নাতীত। সবকিছুর মধ্যেও প্রবাসী বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ—তাঁদের একটু ভালো কিছু শুনলেই আনন্দ পান।
প্রতি সপ্তাহে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ পড়েন। প্রথম আলো গত বছরে তাঁর কর্ম ও সাধনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম আলো প্রতিনিধিদের সঙ্গে দেখা হলেই তাঁর ভালোবাসার কথা উচ্চারণ করেন নিউইয়র্কে বাংলা সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ বয়সের ভারে ন্যুব্জ প্রবীণ সাংবাদিক গজনফর আলী চৌধুরী।

(গ্রন্থনা: ইশতিয়াক আহমেদ রুপু ও হেলিম উদ্দিন)