সম্মাননা পেলেন বাংলাদেশি আমেরিকান লাকী চৌধুরী

আটলান্টিক সিটিতে আয়োজিত মা দিবসের অনুষ্ঠানে সম্মাননা পেলেন বাংলাদেশি-আমেরিকান লাকী চৌধুরী। আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মায়েদের নিয়ে ‘মা দিবস’ পালন করা হয় ২৬ মে। বিশেষ এ অনুষ্ঠানে অন্য কমিউনিটির মায়েদের সঙ্গে সম্মাননা পান লাকী চৌধুরী।
আটলান্টিক সিটির ১০ নর্থ মিসিসিপি অ্যাভিনিউয়ের কোয়ারেমবা হলে বিকেল ৪টায় ‘মা দিবস’-এর বিশেষ অনুষ্ঠান শুরু হয়। লা কাসা ডোমিনিকানা নিউজার্সি ইনকের আয়োজিত এ অনুষ্ঠান আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ তিন পর্বে বিভক্ত ছিল। এতে বিভিন্ন কমিউনিটির ছয়জন মাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জিয়া আনজুমসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মানিত মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। লাকী চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নাচ পরিবেশন করেন আয়োজক সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। অনুষ্ঠানের আয়োজক লা কাসা ডোমিনিকানা নিউজার্সি ইনকের সভাপতি ও প্রধান নির্বাহী লুইস রদ্রিগেজ বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানান। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।