সম্মেলন নিয়ে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় হট্টগোলের খবর পাওয়া গেছে। গত ২৮ এপ্রিল নিউইয়র্কে ওই অনুষ্ঠিত হয়। সভায় ‘মুজিববর্ষ’ উদ্‌যাপন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা, অঙ্গরাজ্য কমিটি ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে আলোচনা শুরু হলে সভায় নেতারা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ অবস্থায় কোনো সিদ্ধান্ত ছাড়াই কার্যকরী কমিটির সভা মুলতবি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত ওই সভা সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় হট্টগোল প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চাইবেন, সেদিনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনে হবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নিউইয়র্কে আসবেন। তিনি যদি মনে করেন সম্মেলন দরকার, সম্মেলন হবে। আপনারা সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন।’

তবে সম্মেলন নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের যুক্তরাষ্ট্র শাখার অনেক নেতা-কর্মী। দলের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘আওয়ামী লীগের সব নেতা-কর্মীর দাবি মেনে অবিলম্বে সম্মেলন করা উচিত। ক্ষমতা কুক্ষিগত করে রাখার পাঁয়তারা না করে সম্মেলন দেওয়ার পক্ষে সর্বস্তরের নেতা-কর্মী আজ ঐক্যবদ্ধ। কিন্তু নেতা-কর্মীদের এই দাবি সত্ত্বেও ২৮ এপ্রিলের সভাটি মুলতবি করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন বা সাংগঠনিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ নেতারা বর্তমানে বিভক্ত। বিভক্তির কারণে দলের সম্মেলন অনেক দিন ধরে ঝুলে আছে। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীরাও বিভক্ত। দলের কোনো সভা–ই এখন আর নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে না। কখনো পুলিশ পাহারা, কখনো অতিরিক্ত নিরাপত্তাকর্মী ভাড়া করে সভা সমিতি করতে হচ্ছে।
সূত্র জানায়, ২৮ এপ্রিলের সভায় ‘মুজিববর্ষ’ পালন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সফরের সময় গণসংবর্ধনা ইত্যাদি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলেও গোল বাঁধে কমিটি নিয়ে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা সব কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্য দলের সম্মেলন ও কমিটির খালি পদ পূরণের দাবি জানিয়ে বক্তব্য রাখলে হইচই শুরু হয়। আলোচনায় নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি উঠলে অনেকেই যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সম্মেলন পাশ কাটিয়ে অন্য কোনো সম্মেলনের ব্যাপারে উদ্যোগী না হওয়ার পক্ষে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতারা জানান, দুই বছর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশনা দেন। কিন্তু তারপরও সম্মেলন হয়নি। এ নিয়ে সংগঠনটির অনেকেই ক্ষুব্ধ। সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, বর্তমান কমিটির প্রায় ৪০ জন এখন অনুপস্থিত। অনেকেই মারা গেছেন। এসব খালি পদ পূরণ না করে সম্মেলন করার পক্ষে সভায় উপস্থিত ৫৫ জনের মধ্যে ৪৮ জন বক্তব্য রাখেন।
এদিকে সংগঠনের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শুরু হয়। মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ব্যাপকভাবে উদ্‌যাপনে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতৃত্বে সব অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের সপক্ষের সব সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সমন্বয়ে আলাদাভাবে আরেকটি সভা করে বড় আকারের একটি উদ্‌যাপন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের সময় একটি সর্বজনীন গণসংবর্ধনা আয়োজনের লক্ষ্যে রমজানের পর অনুষ্ঠেয় কার্যকরী কমিটির পরবর্তী সভায় একটি সংবর্ধনা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
সভায় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য ৩০ জুলাইয়ের মধ্যে সম্মেলন প্রস্তুতি ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে দিন-তারিখ ঠিক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। দুপুর থেকে শুরু হওয়া এ সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামছুদ্দিন আজাদ, লুৎফুল করিম, মো. আলী মানিক ও মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভীন, আইন-বিষয়ক সম্পাদক শাহ মো. বখতিয়ার আলী, কৃষি ও সমবায় সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া, মহিলা-বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দীবা, মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, শিক্ষা-বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, স্বাস্থ্য ও জন্যসংখ্যা সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুল রহিম বাদশাহ ও চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কায়েস আহমেদ, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, সরাফ সরকার, মুজিবুল মাওলা, আজিজুর রহমান, নিজাম উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, কায়কোবাদ খান, খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ, আলাউদ্দিন জাহাঙ্গির, শরীফ কামরুল আলম, নূরুল আবসার, সামসুল আবেদীন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গণি, ইলিয়ার রহমান, কাজী আজিজুল হক, জুয়েল আহমেদ, হোসেন সোহেল রানা, কামাল উদ্দিন, সুজন আহমেদ, গাজী মো. আলী, আসাফ মাসুক, আব্দুস শহিদ দুদু, এম আনোয়ার, নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।