সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ আজ সারা বিশ্বের উদাহরণ। উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশকে আজ বিশ্বে অনুকরণীয় মনে করা হচ্ছে। সঠিক লক্ষ্য স্থির এবং নেতৃত্বের যোগ্যতার কারণেই বাংলাদেশের এ অর্জন সম্ভব হয়েছে। দেশে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও সাংবাদিকদের জানান তিনি।
১৯ জুলাই জাতিসংঘের হাই লেভেল পলিটিক্যাল ফোরামের কার্যক্রম শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল এসব কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ১৭ থেকে ১৯ জুলাই জাতিসংঘের হাই লেভেল পলিটিক্যাল ফোরামের তিন দিনব্যাপী কার্যক্রমের নেতৃত্ব দেন তিনি। বিশ্বের ৪৪টি দেশ তাতে অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, জেনারেল ইকোনমিকসের সদস্য শামসুল আলম, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেসসচিব নুরে আলম এলাহি।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ এসডিজি কার্যক্রমে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে। সারা বিশ্বই বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেছে। ২০৩০ সালের এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ যে সঠিক পথে আছে তা ফুটে ওঠে তাঁর কথায় এবং বাংলাদেশ বেঁধে দেওয়া সময়ের আগেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে।
সরকার পরিবর্তন হলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলের মৃত্যু হলেও দেশের মৃত্যু নেই। দেশ তার উন্নয়নের সিঁড়ি বেয়ে হেঁটে যাবে। তবে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়নে ১৮৫ ভাগ ঋণ রয়েছে, আর বাংলাদেশের ঋণ ৪২ ভাগ। তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশে চলতি অর্থ বছরে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।