সরকারি অনুদান নিলে গ্রিনকার্ড মিলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা সরকারের অনুদান নিয়ে চলবেন বলে আমেরিকা আসার পরিকল্পনা করছেন, তাঁরা গ্রিনকার্ড পাবেন না। আর যারা ইতিমধ্যে গ্রিনকার্ড পেয়েছেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছেন তাঁরাও বিপাকে পড়বেন।

সরকারি সুযোগ-সুবিধার মধ্যে স্বাস্থ্য সেবা, ফুড স্টাম্পসহ মৌলিক সামাজিক নিরাপত্তা সুবিধা যারা গ্রহণ করছেন, তাঁদের ওপর খড়্গ নেমে এসেছে।

২৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ বিচারকদের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পরিকল্পনাকে কার্যকর করার পক্ষে রায় দিয়েছেন। ভবিষ্যতে অন্য কোনো প্রেসিডেন্ট বা কংগ্রেস পাল্টা কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনগ্রসর অভিবাসীদের জন্য আমেরিকার গ্রিনকার্ড এবং নাগরিকত্ব কঠিন হয়ে পড়েছে।

যাদের সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে তাঁদের গ্রিনকার্ড প্রদান অস্বীকার করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। যেসব অভিবাসী সরকারি সুবিধাভোগী কর্মসূচির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে উঠবে বলে মনে করা হয় তাদের ওপর নতুন সীমাবদ্ধতা কার্যকর করতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দেওয়া হয়েছে। যারা ৩৬ মাসের মধ্যে ১২ মাস সামাজিক নিরাপত্তার সুবিধা গ্রহণ করেছেন, তাদেরই এ বিধিতে ফেলা হবে। 

গত আগস্ট মাসে এমন উদ্যোগ নেওয়া হলে নিউইয়র্কসহ বেশ কিছু রাজ্য সরকারের পক্ষে এ নিয়ে মামলা করা হয়। মামলায় প্রশাসনের উদ্যোগকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে নাটকীয়ভাবে পাল্টা আবেদন করে বিধিগুলো চালু করার অনুমতি চাওয়া হয়। মার্কিন সুপ্রিম কোর্ট এখন রক্ষণশীলদের পক্ষে একের পর এক রায় দিচ্ছেন।

সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে চিহ্নিত রক্ষণশীলরা প্রেসিডেন্ট ট্রাম্পের এ পাবলিক চার্জ বিধি কার্যকর করার পক্ষেই রায় দেওয়ায় অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

২৭ জানুয়ারি হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর প্রথম আলো উত্তর আমেরিকায় বাংলাদেশি অভিবাসীদের পক্ষ থেকে একের পর এক ফোন আসতে থাকে। অনেকেই জানতে চান, নিউইয়র্কসহ বেশ কিছু রাজ্যে অনেক গ্রিনকার্ডধারী কোনো না কোনো সরকারি সুবিধা গ্রহণ করছেন। এর মধ্যে স্বাস্থ্যবিমা গ্রহণকারীর সংখ্যা সবচেয়ে বেশি। অনেকেই প্রশ্ন রেখেছেন, তাঁদের আমেরিকান নাগরিকত্ব প্রাপ্তিতে অসুবিধা হবে কিনা। পাশাপাশি যারা পারিবারিক ইমিগ্রেশনে আমেরিকায় আসছেন, তাঁরা পাবলিক চার্জে পড়বেন এমন ধারণায় ভিসার আবেদন কি প্রত্যাখ্যান করা হবে?

বিধিগুলো কীভাবে কার্যকর করা হচ্ছে, তা দেখার জন্য অপেক্ষা করছেন আইনজীবীরা। বলা হচ্ছে, যেসব অভিবাসী পর্যাপ্ত আয় দেখাতে পারবেন না কিংবা সরকারি সাহায্যের ওপর নির্ভর করবেন, তাঁদের সাময়িক কিংবা স্থায়ী ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে। এমনকি যে অভিবাসী ভবিষ্যতে সরকারি সাহায্যের দ্বারস্থ হতে পারেন বলে সরকার মনে করবে তাঁদের আমেরিকায় প্রবেশও বন্ধ করা হবে। আর যারা এরই মধ্যে আমেরিকায় আছেন, তাঁরা গ্রিনকার্ড কিংবা মার্কিন নাগরিকত্ব পাবেন না। তবে যে অভিবাসী ইতিমধ্যেই গ্রিনকার্ড পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়মটি প্রযোজ্য হবে না।

২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হলে অভিবাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সবাইকে নিজ নিজ সমস্যা নিয়ে ইমিগ্রেশন আইনজীবীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে নানা মহল থেকে।

নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ দ্রুত এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, আমেরিকায় আসার জন্য সম্পদের হিসাব নেওয়ার এ বিধিটি লজ্জাজনক। তিনি বলেন, আমেরিকায় অনেকেই এসেছে। এসে সফল হয়েছে। আমেরিকার স্বপ্ন গড়ার জন্য অভিবাসীদের সফল অভিযাত্রাকে তিনি স্মরণ করেছেন।