সরি, ইউ ডিড নট পাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় যে ড্রাইভিং জানে না, সে নাকি কিছুই জানে না। এ দেশে মানুষ আর যানের সংখ্যা সমান। গাড়ি চালাতে না জানলে বেশ ঝামেলায় পড়তে হয়। আর ভিনদেশিরা এখানে এসে প্রথম যে কাজটি করে, সেটা হলো ‘ড্রাইভিং লাইসেন্স’!

স্টকহোমে কখনো ড্রাইভিং শেখার প্রয়োজনীয়তা অনুভব করিনি। সেখানের পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত। ঘড়ির কাঁটা মেপে চলে। আমেরিকা বড় দেশ। শহরের অভাব নেই। পুরো দেশে উন্নত পাবলিক ট্রান্সপোর্ট করা সহজ নয়। এ দেশে তেলের দাম কম। পানির চেয়েও কম। স্টার বাক্স থেকে এক বোতল পানি কিনতে লাগে তিন ডলার। অথচ একই মূল্যে এক গ্যালন তেল পাওয়া যায়। গাড়ির দামও কম। যার ঘর নাই তারও গাড়ি আছে। অনেকে গাড়িকেই ঘর বানায়। এ দেশের ভিক্ষুকেরও গাড়ি থাকে। তারা ভিক্ষা করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের গাড়ি দিয়ে যাতায়াত করে।
এমন নানান পরিস্থিতির কথা আমলে নিয়ে স্টকহোম থেকে আসার আগেই একটি নামীদামি ব্র্যান্ডের পুরোনো গাড়ি কিনে নিলাম। বিষয়টা আমার মতো গরিবের জন্য ঘোড়া রোগ। তবে আমি রোগাক্রান্ত হলাম। গাড়ি থাকলেও চালনবিদ্যা নেই। তাই লাইসেন্স নেওয়ার প্রস্তুতি শুরু হলো। লাইসেন্সের জন্য দুটি পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা ও রোড টেস্ট। ইংরেজি পড়ার সামান্য জ্ঞান যেহেতু আছে লিখিত পরীক্ষায় তাই অনায়াসে পাস হলো।
রোড টেস্টের দিন খুব ঠান্ডা। গাড়ির গ্লাস খুলে এক মিনিট বসার জো নেই। প্রচণ্ড বাতাস। আফ্রিকান-আমেরিকান এক দীর্ঘদেহী মানুষ এসে বলল, ‘আই এম রবার্ট। আই’ল বি ইউর ইনস্ট্রাক্টর টুডে!’ তাঁর কণ্ঠ শুনে মনে হলো বজ্রপাত হয়েছে। আফ্রিকান-আমেরিকানদের একসেন্ট বেশ ভিন্ন। তাদের বহু শব্দ আমার কানের কাছ দিয়ে চলে যায়। আমি বুঝতে পারি না। আমার কাগজপত্র দেখে সে বলল, ‘আই সি! ইউ আর এ ফিজিশন!’ আমি জানি, সে কেন এটা বলছে। আমার নামের আগে আছে এমডি! এ দেশের ডাক্তাররা নামের সঙ্গে এমডি যুক্ত করে। যেটা দিয়ে বোঝানো হয় ডক্টর অব মেডিসিন। এই ‘এমডি’ নিয়ে একই ক্যাচাল আমাকে বহুবার করতে হয়েছে। তার সঙ্গে এ নিয়ে কথা বলার ইচ্ছে নেই। শুধু একটা হাসি দিলাম! নিউট্রাল স্মাইল! যেটার অর্থ, তুমি যা বুঝেছ সেটাই ঠিক। আমি হ্যাঁ-ও বলিনি। না-ও বলিনি।
টেস্ট শুরু হলো। প্রথমেই পার্কিং করতে বলল। ঠিকঠাকমতোই করলাম। তারপর রোডে নিল। গাড়ি চলছে। হৃৎপিণ্ডের ধুকপুকও থেমে নেই। খুব কড়া গন্ধের একটা পারফিউম দিয়েছে সে। পারফিউম না আতর বুঝতে পারছি না। পারফিউমে আমার অ্যালার্জি। সব পারফিউম ভালো লাগে না। রবার্টের ঠোঁট নড়ছে। বিড়বিড় করে কী যেন বলছে। চালানোর সময় হঠাৎ আমার মনোযোগ নষ্ট হয়ে গেল। আমি রেড লাইটে ঠিকমতো গাড়ি থামাতে পারলাম না। রবার্ট চিৎকার দিয়ে উঠল। ইউ সুডন্ট মুভ ইউর কার অন রেড লাইট! আমি খেই হারিয়ে ফেললাম। স্ট্যান্ডে এসে বলল, ‘সরি, ইউ ডিড নট পাস!’
কামিনী রায় বলেছেন শতবার চেষ্টা করতে। আমার তো সবে প্রথমবার। দ্বিতীয় পরীক্ষার ডেট নিলাম আবার। কয়েক সপ্তাহ পর পুনরায় রোড টেস্ট। পরীক্ষা দিতে এলাম। কপালের নাম নাকি গোপাল! এত লোক থাকতে রবার্টই কেন হবে আবার ইনস্ট্রাক্টর! লোকটা পাকা হাসি দিয়ে বলল, হেই ফিজিশন! দাঁতগুলো ব্রায়ান লারার মতো সুন্দর। মনে মনে বললাম, মাফও চাই দোয়াও চাই! তার পারফিউমের গন্ধ এড়ানোর জন্য তিনটা মিন্ট মুখে দিলাম। প্রতিজ্ঞা করেছি, আজ সে বিড়বিড় করুক আর যা-ই করুক, সেদিকে সামান্যতম লক্ষ্য করব না। গাড়ি চালানো নাকি কঠিন ধ্যান! কোনো দিকে মনোযোগ দেওয়া যায় না। এবার তা-ই করলাম। পরীক্ষা শেষ হলো। স্ট্যান্ডে এসে রবার্ট বলল, কনগ্র্যাচুলেশন! ড্রাইভ সেইফ!
লাইসেন্স পেয়ে দুই দিনের মাথায় শত মাইল রাস্তা ড্রাইভ করতে নেমে গেলাম। যাত্রী হয়ে বসে আছে আমার পুরোনো ড্রাইভার-অর্ধাঙ্গিনী। অঞ্জনের গান বাজছে। তুমি না থাকলে, রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে, হতো কুপোকাত...রাপা রাপ্পাম পা...
ড. রউফুল আলম: গবেষক, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র। ই-মেইল: rauful. alam 15 @gmail. com ; ফেসবুক: www. facebook. com/rauful 15