সরে দাঁড়াতে স্যান্ডার্সের ওপর চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার নিউইয়র্ক প্রাইমারিতে ধরাশায়ী হওয়ার পর বার্নি স্যান্ডার্সের সামনে অগ্রসর হওয়ার সুযোগ সীমিত হয়ে আসছে। আগামী মঙ্গলবার যে পাঁচটি পূর্বাঞ্চলীয় রাজ্যে বাছাইপর্বের নির্বাচন হবে, জনমত জরিপে সেখানে এগিয়ে হিলারি ক্লিনটন। কোনো কোনো রাজ্যে, যেমন ম্যারিল্যান্ডে, স্যান্ডার্সের সঙ্গে তাঁর ব্যবধান প্রায় ২৫ পয়েন্ট। ৭১৯ জন দলীয় নেতা ও নির্বাচিত প্রতিনিধি ‘সুপার ডেলিগেট’ হিসেবে নিজের খুশিমতো ভোট দিতে পারেন, তাঁদের অধিকাংশই হিলারিকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় শুদ্ধ অঙ্কের হিসাবে স্যান্ডার্সের জন্য মনোনয়ন লাভের সম্ভাবনা কার্যত শূন্য।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী স্যান্ডার্সের এখন উচিত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো এবং দলকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করার জন্য দলের ভেতরেই দাবি ক্রমেই জোরালো হচ্ছে। প্রায় এক ডজন সিনেটর (হিলারির মিত্র হিসেবে পরিচিত) যুক্তি দেখিয়েছেন, এই দুই ডেমোক্রেটিক প্রার্থী যদি বাগ্‌যুদ্ধ অব্যাহত রাখেন, তাহলে নিজেদের শিবিরে বিভেদ ও তিক্ততা বাড়বে। যেসব তরুণ স্যান্ডার্সের পক্ষে জোর সমর্থন দিয়েছেন, তাঁদের ডেমোক্রেটিক শিবিরে ধরে রাখাও কঠিন হবে।

স্যান্ডার্স কঠোর ভাষায় হিলারিকে ব্যক্তিগত আক্রমণ করছেন, তা নিয়ে ডেমোক্রেটিক নেতারা বিশেষভাবে উদ্বিগ্ন। মিজৌরির সিনেটর ক্লেয়ার ম্যাককস্কেল বলেছেন, গত কয়েক দিনে এই দুই প্রার্থীর বাগ্‌বিতণ্ডা এমন তিক্ততায় পৌঁছেছে যে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের তফাত বোঝা কঠিন হয়ে পড়ছে। নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন বলেছেন, বিভিন্ন প্রশ্ন তুলে ধরে স্যান্ডার্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার আসল লক্ষ্য হিলারি নন, বিরোধী রিপাবলিকান দলের প্রার্থী—তা সে ট্রাম্প বা ক্রুজ যে-ই হোন।

প্রাইমারি নির্বাচনের ভেতর দিয়ে স্যান্ডার্সের মনোনয়ন লাভের বাস্তবসম্মত কোনো পথ নেই। এ কথাটা স্যান্ডার্সের দলের ভেতরেও বলা শুরু হয়েছে। শুধু দলের সুপার ডেলিগেটরাই তাঁকে রক্ষা করতে পারেন। স্যান্ডার্স নিজে যুক্তি দেখিয়েছেন, তিনিই একমাত্র প্রার্থী, যিনি অনায়াসে তিন রিপাবলিকান প্রার্থীকে পরাস্ত করতে সক্ষম। অধিকাংশ জনমত জরিপে সে প্রমাণ মিলেছে। অতএব, যেসব সুপার ডেলিগেট হিলারির পক্ষসমর্থনের কথা ঘোষণা করেছেন, তাঁদের উচিত হবে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা।

স্যান্ডার্সের অন্যতম প্রধান উপদেষ্টা ট্যাড ডেভাইন গত বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে দলের ‘সুপার ডেলিগেট’দের এই একই অনুরোধ করেছেন। সাধারণ ভোটাররা কী চান, তার ভিত্তিতে এসব সুপার ডেলিগেটের উচিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এই যুক্তির সমস্যা হলো, মোট প্রদত্ত ভোটের হিসাবে হিলারি ইতিমধ্যে প্রায় ১৫ লাখ ভোটে এগিয়ে আছেন। পরবর্তী প্রাইমারিগুলোয়, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায়, হিলারি বর্তমানে জনমত জরিপে এতটা এগিয়ে যে ভোটারদের দোহাই দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধে কোনো সুপার ডেলিগেট রাখবেন, তা বিশ্বাস করার কোনো কারণ নেই।
এই বাস্তব সত্য এখন বার্নি স্যান্ডার্সের নিজের কাছেও স্পষ্ট হয়ে আসছে। গতকাল শুক্রবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, হিলারিকে তিনি সমর্থন করতে প্রস্তুত, তবে তার আগে তিনি দেখতে চান হিলারি তাঁর রাজনৈতিক ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেন।
২০০৮ সালের নির্বাচনের বাছাইপর্বের একটা পর্যায় শেষে হিলারি নিজে ওবামার প্রার্থিতার প্রতি সমর্থন ঘোষণা করেছিলেন এবং তাঁর সমর্থকদের ওবামার পক্ষসমর্থনের অনুরোধ করেছিলেন। তিনিও অনুরূপ পদক্ষেপ নেবেন কি না, এই প্রশ্নের জবাবে স্যান্ডার্স বলেন, সে কথার উত্তর দেওয়ার আগে জানতে হবে নির্বাচনী প্রচারণায় তিনি যেসব বিষয় সামনে নিয়ে এসেছেন এবং যাঁর প্রতি তরুণ সমাজ বিপুল সমর্থন দিয়েছেন, সেসব হিলারির নির্বাচনী কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে কি না। তিনি বলেন, ‘আমি চাই ডেমোক্রেটিক পার্টি বৃহৎ পুঁজি, ওয়াল স্ট্রিট, ওষুধ কোম্পানি ও তেল উৎপাদক কোম্পানির বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াক। আমি চাই, শ্রমজীবী মানুষ ও তরুণদের উৎসাহী করে, এমন নতুন নতুন প্রস্তাব নিয়ে আমার দল এগিয়ে আসুক।’ স্যান্ডার্সের এই মন্তব্যকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দলের মনোনয়নপ্রক্রিয়া ও রাজনৈতিক কর্মসূচির ওপর নিজের প্রভাব বিস্তারের ইঙ্গিত বলে অনেকে মনে করছেন।
হিলারি নিজে অবশ্য স্যান্ডার্স প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান, সে কথা বলেননি। কানেটিকাটে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবিসি টিভিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্যান্ডার্স সরে দাঁড়াবেন, সে সিদ্ধান্ত স্যান্ডার্সের নিজের। তিনি নিজে এ নিয়ে কোনো কথা বলতে চান না। তবে তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন অর্জন করলে, তাঁর আশা ২০০৮ সালে ওবামার প্রতি তিনি যে সমর্থন দেখিয়েছেন, স্যান্ডার্সও সেই উদাহরণ অনুসরণ করবেন। তিনি বলেন, ওবামার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর যখন এ কথা নিশ্চিত হয়ে যায় যে তিনি মনোনয়ন পাবেন না, তখন তিনি নিজ থেকেই সরে দাঁড়ান। তিনি বলেন, ‘আমি তাঁকে সমর্থন করি, শুধু তা-ই নয়, তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিই।’
হিলারি বলেন, সরে দাঁড়ানোর পর তাঁর সমর্থকদের ৪০ শতাংশ বলেছিল তারা ওবামাকে সমর্থন করবে না। ‘কিন্তু আমি প্রত্যেকের কাছে গিয়ে বলেছি, দলের ও দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’