সরে দাঁড়ালেন ট্রাম্পের নির্বাচনী প্রচার ব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক করি লিওয়ানডোসকি সরে দাঁড়িয়েছেন। খবর বিবিসি অনলাইনের।

ট্রাম্পের নির্বাচনী প্রচার ক্যাম্পের মুখপাত্র বলেছেন, করি লিওয়ানডোসকি এই ক্যাম্পে আর কাজ করবেন না। তাঁর পরিশ্রম ও ত্যাগের জন্য প্রচারকাজে নিয়োজিত দল কৃতজ্ঞ থাকবে। তবে কেন তিনি নির্বাচনী প্রচারকাজ থেকে সরে দাঁড়ালেন, তা জানা যায়নি।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওই প্রচার ক্যাম্পটি মূলত মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির পরিকল্পনা সমন্বয় করার কাজ করত।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প অভিবাসী নীতি নিয়ে কড়া মন্তব্য করায় তাঁর নিজ দলের জ্যেষ্ঠ সদস্যদের কঠিন বিরোধের মুখে পড়েন। এমন সময় তাঁর প্রচার ক্যাম্পের প্রধান পদত্যাগ করলেন।

এ ছাড়া সম্প্রতি অরল্যান্ডোর নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহত হওয়ার পর ট্রাম্পের মন্তব্যের কারণেও কড়া সমালোচনা হয়। ওই হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রত্যয় পুনর্ব্যক্ত করেছিলেন।