সরে দাঁড়ালেন বেন কারসন

সাবেক শল্যচিকিৎসক বেন কারসন জানিয়েছেন, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কোনো রাজনৈতিক পথ তাঁর আর খোলা নেই। এ অবস্থায় অবশিষ্ট রিপাবলিকান প্রার্থীদের বৃহস্পতিবারের বিতর্কে তিনি থাকবেন না। দুই দলের মনোনয়ন-প্রত্যাশীদের বড় প্রতিদ্বন্দ্বিতার দিন ‘সুপার ট্যুইসডে’র (১ মার্চ) প্রাইমারি ভোটে বিপর্যয়ের পর এ ঘোষণা দিলেন বেন কারসন।
সাবেক এ চিকিৎসক অবশ্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্থান করছেন না। জানিয়েছেন, তাঁর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে যে আন্দোলন শুরু হয়েছে, তা চালিয়ে যাবেন। ‘লাখ লাখ লোক আমার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি আমার আনুগত্য অব্যাহত থাকবে’—লিখিত বিবৃতিতে জানান কারসন।
অধিকাংশ ভাষ্যকার একমত, সর্বশেষ প্রাইমারি ভোটে বিপর্যয়ের পর কারসনের পক্ষে এই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। কারসন ও ওহাইওর গভর্নর জন কেইসিকের ওপর দলের নেতৃত্ব কয়েক দিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিলেন। তাঁদের ধারণা, প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন প্রার্থী থাকার কারণে রিপাবলিকান ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প নিজের শীর্ষস্থান মজবুত করতে পেরেছেন।
কারসন সরে যাওয়াতে এই প্রতিযোগিতায় এখন অবশিষ্ট থাকল চারজন। রিপাবলিকান নেতৃত্ব ইতিপূর্বে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর প্রতি তাদের সমর্থন দেওয়া সত্ত্বেও ১ মার্চের ভোটে তিনি মোটেই ভালো ফল করেননি। রুবিওর তুলনায় অনেক ভালো ফল করেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তিনি তাঁর নিজের রাজ্য টেক্সাস ছাড়াও ওকলাহোমাতে দর্শনীয় জয় পেয়েছেন।
কেইসিক ও রুবিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ১৫ মার্চের প্রাইমারি। সেদিন তাঁদের নিজের রাজ্য, যথাক্রমে ওহাইও ও ফ্লোরিডাতে ভোট গ্রহণ হবে। এ পর্যন্ত অনুষ্ঠিত প্রাইমারিতে আনুপাতিক ভিত্তিতে ডেলিগেট ভাগাভাগি হয়েছে। কিন্তু ১৫ মার্চের ভোটে এই দুই রাজ্যেই বিজয়ী প্রার্থী নির্ধারিত সব ডেলিগেট নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান শিবিরে তাঁর প্রার্থিতা বিষয়ে বিরোধ ক্রমে বেড়ে ওঠায় অবস্থা সামাল দিতে কংগ্রেসের স্পিকার ও রিপাবলিকান দলের অঘোষিত নেতা পল রায়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে।