সর্বোচ্চ দামের ১০ চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলো পিকাসোর এই চিত্রকর্মটি বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৩৯৫ কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়েছে, যা নতুন বিশ্বরেকর্ড। ছবি: এএফপি
পাবলো পিকাসোর এই চিত্রকর্মটি বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৩৯৫ কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়েছে, যা নতুন বিশ্বরেকর্ড। ছবি: এএফপি

নিলামে চিত্রকর্ম বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত সোমবার নিউইয়র্কে এ রেকর্ড সৃষ্টি হয়। সেখানে স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৩৯৫ কোটি টাকার বেশি। 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া শীর্ষ ১০টি চিত্রকর্মের মধ্যে সবার ওপরে উঠে এসেছে পিকাসোর ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’ (ভার্সন ০)। এই চিত্রকর্মটিই ১১ মে নিউইয়র্কে বিক্রি হয়েছে। এ নিয়ে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ১০ টির মধ্যে চারটিই পিকাসোর চিত্রকর্ম।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ চিত্রকর্মটি। এটি ২০১৩ সালে নিউইয়র্কে বিক্রি হয়। দাম ১৪২ দশমিক ৪ মিলিয়ন ডলার।
তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ‘ম্যান পয়েন্টিং’ চিত্রকর্মটি আলবার্তো জকোমেত্তির। এর মূল্য ১৪১ দশমিক ২৮৫ মিলিয়ন ডলার। চিত্রকর্মটি গত সোমবার নিউইয়র্কে নিলামে বিক্রি হয়। সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ১০ টির মধ্যে তাঁর আরও দুটি চিত্রকর্ম আছে।
চতুর্থ স্থানে আছে এডভার্ড মুঙ্কের ‘দ্য স্ক্রিম’ চিত্রকর্মটি। এটি ২০১২ সালে নিউইয়র্কে ১১৯ দশমিক ৯২ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
পঞ্চম স্থানে আছে পিকাসোর ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ চিত্রকর্মটি। ২০১০ সালে নিউইয়র্কে এই চিত্রকর্মটি ১০৬ দশমিক ৪৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
নিলামে সর্বোচ্চ দামে বিক্রির দিক দিয়ে অ্যান্ডি ওয়ারহলের (‘সিলভার কার ক্রাশ (ডাবল ডিজাস্টার) ’ চিত্রকর্মটি ষষ্ঠ অবস্থানে রয়েছে। নিউইয়র্কে ২০১৩ সালে ১০৫ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে চিত্রকর্মটি বিক্রি হয়।
পিকাসোর ‘গ্রাকন এ লা পাইপ’ চিত্রকর্মটি আছে সপ্তম অবস্থানে। এটি ২০০৪ সালে নিউইয়র্কে ১০৪ দশমিক ১৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
যথাক্রমে অষ্টম ও নবম অবস্থানে রয়েছে গিয়োকোমেত্তির ‘এল হোমে কুই মার্চে আই’ ও ‘চ্যারিয়ট’ চিত্রকর্ম। প্রথমটি ২০১০ সালে লন্ডনে ১০৩ দশমিক ৯৩ মিলিয়ন ডলার বিক্রি হয়। দ্বিতীয়টি ২০১৪ সালে নিউইয়র্কে ১০০ দশমিক ৯৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
তালিকার দশম স্থানে আছে পিকাসোর আরেকটি চিত্রকর্ম। ‘ডোরা মার অও চার্ট’ নামের চিত্রকর্মটি ২০০৬ সালে নিউইয়র্কে ৯৫ দশমিক ২১ মিলিয়ন ডলারে বিক্রি হয়।