সল্ট লেক সিটি বাংলাদেশ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত

আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্প্যানিশ ফর্ক পার্কে ১৮ আগস্ট এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে স্থানীয় বাঙালি পরিবার, ছাত্র-শিক্ষক মিলিয়ে প্রায় ২০০ জন অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা।
অনুষ্ঠানের শুরুতে উটাহ বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারে বাংলাদেশ থেকে আগত নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের উপহার দিয়ে স্বাগত জানান কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, শফিউল্লাহ, সামাদ, রিয়াজসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
নতুন শিক্ষার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন শফিউল্লাহ ও বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব উটাহের (বিএসএইউইউ) প্রেসিডেন্ট সাজেদ। এ সময় বিএসএইউইউয়ের প্রেসিডেন্ট উপস্থিত সবাইকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য তাওসিফ, রিজওয়ানুর, বাপ্পিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আয়োজকদের অন্যতম, সল্ট লেকে বাংলাদেশি হোটেল ব্যবসায়ী মামুন সার্বিক আয়োজনে সহযোগিতার জন্য সাইফুল, আলম, হাফিজ, পলাশসহ বিএসএইউইউ ও এর স্বেচ্ছাসেবকদের বিশেষ ধন্যবাদ জানান।
বনভোজন ১৮ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে ছিল বিভিন্ন ধরনের ইভেন্ট। মুরগির বারবিকিউসহ বাংলাদেশি রকমারি সুস্বাদু খাদ্য যেমন খাসির মাংস, পোলাও, সবজি ইত্যাদি পরিবেশন করা হয়। পাশাপাশি তরমুজসহ বিভিন্ন রকমারি ফলও পরিবেশন করা হয়। সব শেষে ছিল গরম চা ও কফি। এ ছাড়া ছিল বিভিন্ন ধরনের খেলার আয়োজন। পরে খেলায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।