ট্রাম্প প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করবেন এবং প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপও নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
জার্মানি সফররত ওবামা গতকাল বৃহস্পতিবার বার্লিনে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ওবামা বলেন, ‘বিশ্বের অনেকগুলো বড় সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ আমাদের রয়েছে।’ তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে ট্রাম্প গঠনমূলক পদক্ষেপ নেবেন এবং আমাদের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবেন। তবে যে বিষয়গুলো আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না, সে ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াবেন।’ এ সময় ওবামা রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ রাখার পক্ষে মত দেন।
সংবাদ সম্মেলনে ম্যার্কেলকে আগামী নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়াব কি না, সে ব্যাপারে উপযুক্ত সময়ে ঘোষণা দেব, আজ নয়।’
হোয়াইট হাউস ছাড়ার আগে শেষ বিদেশ সফরে গ্রিস থেকে গতকাল জার্মানিতে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা। তিনি শুক্রবার পর্যন্ত জার্মানিতে থাকবেন। এরপর সেখান থেকে যাবেন পেরু।
বার্লিনে যাওয়ার পর ম্যার্কেলের সঙ্গে লেখা এক যৌথ নিবন্ধে ওবামা বিশ্বায়নের পক্ষে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ওয়ার্টসকাফটওক-এর সম্পাদকীয় পাতায় প্রকাশিত ওই নিবন্ধে ওবামা ও ম্যার্কেল জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস দমন ও বাণিজ্য চুক্তির মতো বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
দুই নেতার এমন আহ্বান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রক্ষণশীল প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নীতির একেবারেই বিপরীত। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জয়ী হলে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বাতিল ও ভবিষ্যতে চুক্তি করার বিষয় স্থগিত রাখার হুমকি দিয়েছিলেন। এর পাশাপাশি চ্যান্সেলর ম্যার্কেলের উদার শরণার্থী নীতি জার্মানিকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।