সহায়তা দিতে সীমান্তে যাচ্ছে স্বেচ্ছাসেবক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো সীমান্তে এভাবেই অপেক্ষা করছে
মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো সীমান্তে এভাবেই অপেক্ষা করছে

আমেরিকা-মেক্সিকো সীমান্তে আগত বিপুলসংখ্যক রাজনৈতিক আশ্রয় প্রার্থনাকারীকে মানবিক সাহায্য দেওয়ার লক্ষ্যে সংগঠিত হচ্ছে ‘থাউজেন্ডস’ নামের স্বেচ্ছাসেবক দল। নিউইয়র্কের অভিবাসন অধিকার রক্ষা গ্রুপ ‘নতুন আশ্রয়স্থল জোট’ আশা করছে এই অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে স্বেচ্ছাসেবকেরা আমেরিকা-মেক্সিকো সীমান্তে ৪০ দিন ও ৪০ রাত অবস্থান করবে।
নিউইয়র্ক সিটিভিত্তিক সব ধর্মে সম বিশ্বাসী অভিবাসীদের নেতৃত্বে সৃষ্ট ‘নতুন আশ্রয় স্থল জোট’ রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টিকারী ট্রাম্প প্রশাসনের সব বিধিনিষেধ অতিক্রমে সহায়তা করবে।
এ জোটের কার্যনির্বাহী পরিচালক রাবি রাগবীর বলেন, ‘আমরা এই মুহূর্তে সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি। আমরা দেশব্যাপী সব ধর্মে সম বিশ্বাসী জনগণের শান্তিপূর্ণ সহায়তা কামনা করছি। আমরা কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নই। তবে আমরা যেকোনো সহিংসতা মোকাবিলা করতে প্রস্তুত। আমরা সেখানে যাব অসহায়দের নিরাপত্তা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতন আর বিদ্বেষের শিকার ব্যক্তিদের স্বাগতম জানাতে।’
অভিবাসীদের সহায়তাস্থল সান ডিয়েগোর তিজুয়ানা সীমান্তে যেতে ইচ্ছুক সব ধর্ম ও বর্ণে বিশ্বাসী স্বেচ্ছাসেবকদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি এই মানবিক মিছিলে যোগদানের আহ্বান জানায় ‘নতুন আশ্রয়স্থল জোট’।
মেক্সিকো সীমান্তে অপেক্ষমাণ, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নিতে ইচ্ছুক হাজার হাজার লোককে সব ধরনের সহায়তা করা হবে। মেক্সিকো সীমান্তে রাজনৈতিক আশ্রয় নিতে ইচ্ছুকদের প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ, আশ্রয় গ্রহণের যৌক্তিক কারণ সংবলিত কাহিনিসহ সীমান্তে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য দেওয়ার ব্যাপারে জরুরি পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া মানবিক এই সহায়তার অংশ হিসেবে অভিবাসীদের সঙ্গে পায়ে হেঁটে সীমান্ত চৌকিতে সশরীরে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবকেরা।
জোটের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠক সারা গজালা বলেন, এটি কোনো প্রতিবাদ নয়। যারা রাজনৈতিক আশ্রয় নিতে আন্তর্জাতিক অধিকারপ্রাপ্ত আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা করতে চাই। কেননা মানবিক অধিকার বঞ্চিত আমাদের বন্ধুদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র মজুদ আছে। অভিবাসী হতে ইচ্ছুকেরা আমেরিকা সীমান্ত অতিক্রম করার পর চূড়ান্ত গমনস্থলে যাওয়া পর্যন্ত সব ধরনের আর্থিক সাহায্য দিতে ‘নতুন আশ্রয়স্থল জোটের’ স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত থাকবেন।
রাগবীর জোর দিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা চাই না। এমনকি এ ধরনের পদক্ষেপ কোনো প্রতিবাদের অংশ নয়। আমরা সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করতে চাই এ জন্য যাতে অভিবাসীদের রাজনৈতিক আশ্রয়গ্রহণ প্রক্রিয়া যথা সম্ভব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পদ্ধতিতে সম্পন্ন হয়। প্রয়োজনে রাজনৈতিক আশ্রয় নিতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজলভ্য করার লক্ষ্যে সীমান্তে অবস্থিত কমিউনিটিভিত্তিক সংস্থার সহায়তা নেওয়া হয়।
‘নতুন আশ্রয়স্থল জোটে’র কো চেয়ারম্যান ও পার্ক অ্যাভিনিউয়ের ক্রিশ্চিয়ান চার্চের সিনিয়র প্যাস্টর কাঝি দুয়াসা সব ধর্মে বিশ্বাসীদের বড় একটি দলের নেতৃত্বে থ্যাংকস গিভিংয়ের পর সীমান্তে উপস্থিত হয়ে সব মানবাধিকার হারা নির্যাতিত অভিবাসীদের প্রতি সহমর্মিতা জানাবেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।