আমেরিকার নাগরিকেরা কেন্দ্রীয় সরকারের নগদ অর্থ সহযোগিতা পেতে শুরু করেছেন। যাঁদের সোশ্যাল সিকিউরিটি ও এলিয়েন নম্বর আছে, তাদের জন্য ২২ দশমিক ২ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছে। ইতিমধ্যে ৮০ মিলিয়নের বেশি মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী অর্থ পেয়েছেন।
করোনাভাইরাস মহামারির কারণে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বৃহত্তর এই বাজেটের সেই অর্থ যারা এখনো পাননি, তাদের জন্য অনুসন্ধানের সুযোগ করে দিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। তারা কবে নাগাদ সহায়তার অর্থ পাবেন, এমন অনেক প্রশ্নের উত্তর দিতে আইআরএস তাদের ওয়েবসাইটে একটি ট্র্যাকিং সিস্টেম চালু করেছে।
কেউ যদি ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন, তবে আইআরএস তাদের অনলাইন পোর্টালে একটি নতুন শাখা উন্মুক্ত করেছে, যেখানে যে কেউ তার উদ্দীপনার অর্থ দ্রুত পেতে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে পারবেন। তাদের ওয়েবসাইটে একটি আইডি খুলে সেখানে সাম্প্রতিক ঠিকানাও যুক্ত করতে পারেন।
জানা যায়, আইআরএসের কাছে ৭ কোটি মানুষের ব্যাংক তথ্য নেই। তাদের চেকগুলো ডাকযোগে সরবরাহ করা হবে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো চেকে প্রেসিডেন্টের নাম লেখা থাকবে।
১৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস ট্রেজারি বিভাগ আশা করে, যোগ্য আমেরিকানদের একটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের উদ্দীপনার অর্থ পাবে।
আইআরএসের তথ্য অনুযায়ী, বার্ষিক ৭৫ হাজার ডলার আয় করা ব্যক্তি ১ হাজার ২০০ ডলার পাবেন। বিবাহিত দম্পতি পাবেন ২ হাজার ৪০০ ডলার এবং প্রতি ১৭ বছরের কম বয়সী শিশু সন্তানের জন্য পাবেন ৫০০ ডলার করে। যারা ২০১৮ ও ২০১৯ সালের ট্যাক্স রিটার্ন করেছেন এবং যাদের ব্যাংকের তথ্য আছে তাদের আগে দেওয়া হচ্ছে।
যে কেউ তার সরকারি সহায়তার অর্থ পেতে বিলম্ব হলে ট্র্যাকিং করতে পারবেন এই ঠিকানায়