সহিংস বিক্ষোভে ক্ষিপ্ত বাফেলো সিটি মেয়র
আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডকবে হত্যার অভিযোগে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে হত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে ভাঙচুর, আগুন লাগানো আর লুটপাটের মতো ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভ দমনে বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়।
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আপ স্টেট নিউইয়র্কের রাস্তাগুলোতেও হিংসাত্মক বিক্ষোভ হয়। বাফেলো, আলবেনি, রচেস্টার এবং সেরকিউসে আগুন জ্বালানো, ভাঙচুর এবং পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, বাফেলোতে অসংখ্য স্টোরের ফ্রন্ট উইন্ডো ভেঙে দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তি সিটি হলে আগুন লাগানোর চেষ্টা করেছেন।
আলবেনিতে বিক্ষোভকারীদের দমনে পুলিশ ঘোড়ায় চড়ে টিয়ার গ্যাস ব্যবহার করছেন। রচেস্টারে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভেঙে দেয়, একটিতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ কর্মকর্তারা তখন টিয়ার গ্যাসের মাধ্যমে প্রতিরোধ করতে চেষ্টা করছেন।
বাফেলোর সিটি হলে আগুন লাগানোর ভিডিওটি প্রকাশ হওয়ার পর সিটি মেয়র বায়রন ব্রায়ন ক্ষিপ্ত হয়ে ওঠেন। টুইটারের এক ভিডিওতে অপরাধীদের ‘ইডিয়ট’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা তোমাকে ক্যামেরায় দেখছি। তোমাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব।’