সহিংসতা উসকে দিচ্ছেন ট্রাম্প
সহিংসতা ও সামাজিক অস্থিরতা যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনৈতিক বিতর্কে উঠে এসেছে। ওরেগন থেকে উইসকনসিন রাজ্যের নগরগুলো ফুঁসে উঠেছে। প্রান্তিক নগর উইসকনসিনের কেনোশা থেকে ওরেগনের পোর্টল্যান্ড পর্যন্ত মিছিল–সমাবেশে উত্তাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এসব সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতারা।
২৯ আগস্ট রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি সমাবেশে গুলিতে একজন নিহত হন। স্থানীয় নেতারা এসব সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প কাল ১ সেপ্টেম্বর কেনোশা সফরের ঘোষণা দিয়েছেন। রাজ্যের গভর্নর প্রেসিডেন্ট ট্রাম্পকে এ সফর বাতিল করার অনুরোধ জানিয়ে বলেছেন, ট্রাম্পের সফর পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। পোর্টল্যান্ডের মেয়রও সহিংসতা উসকে দেওয়ার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন।
উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ১ সেপ্টেম্বর উইসকনসিন সফর করবেন। আগুয়ান নির্বাচনে এ রাজ্যকে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে মনে করা হচ্ছে। ট্রাম্প সেখানে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন ও সহিংসতার জন্য আবারও ডেমোক্র্যাটদের যুক্ত করার প্রয়াস নেবেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সফর করছেন অপর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়া। এ রাজ্যের নির্বাচনী ফলও আসছে নির্বাচনে যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ের জন্য খুবই গুরুত্বের। জো বাইডেন ও ডেমোক্রেটিক প্রচার শিবির থেকে দেশজুড়ে সহিংসতা উসকে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে।
৩০ আগস্ট পোর্টল্যান্ডের মেয়র টেড উইলার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে সরাসরি বলেন, ‘প্রেসিডেন্ট, আপনার কারণেই আজ যুক্তরাষ্ট্রের এ দুরবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে বিভেদ উসকে দিয়েছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন।’
মেয়র উইলার বলেন, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের ট্রাম্প ভালো লোক হিসেবে উল্লেখ করছেন। নির্বাচনী প্রচারে ভয়ের রাজনীতি ছড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক কাজ নয়।
প্রেসিডেন্ট, আপনার কারণেই আজ যুক্তরাষ্ট্রের এ দুরবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে বিভেদ উসকে দিয়েছেন, ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছেন
২৫ মে মেনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর নাগরিক আন্দোলন সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বড় বড় নগরীতে এখনো প্রতিবাদ সমাবেশ হচ্ছে। পুলিশের সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের ট্রাম্পের সমর্থনে নেমে আসতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকারের দোহাই দিয়ে অস্ত্র হাতে এসব শ্বেতাঙ্গ লোকজনের মহড়া রীতিমতো ভীতিকর।
গত সপ্তাহান্তে ট্রাম্পের সমর্থনে এমনই এক মিছিলে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ট্রাম্প–সমর্থকদের পক্ষ থেকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’–সমর্থকদের দায়ী করা হচ্ছে। আন্দোলনকারীরা পুলিশের বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার। পুলিশের তহবিল কর্তনের ডাক সর্বত্র। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পুলিশের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি পুলিশ ইউনিয়নগুলোর সমর্থন পাচ্ছেন। সবই তিনি করছেন আন্দোলনকারীদের বিপক্ষে পুলিশের বিভেদকে উসকে দিয়ে। এর সামাজিক পরিণতি নিয়ে তিনি বিকারহীন বক্তব্য দিচ্ছেন।
২৫ মে মেনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর নাগরিক আন্দোলন সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বড় বড় নগরীতে এখনো প্রতিবাদ সমাবেশ হচ্ছে
২৩ আগস্ট উইসকনসিনের কেনোশা নগরে জ্যাকব ব্ল্যাক (২৯) নামের এক কৃষ্ণাঙ্গ গুলিবিদ্ধ হন। এরপর থেকেই এ নগরেই আন্দোলন নতুন করে ফুঁসে উঠেছে। ২৫ আগস্ট কাইল রিটেনহাউস নামের ১৭ বছরের এক শ্বেতাঙ্গ তরুণ এআর-১৫ রাইফেল নিয়ে প্রকাশ্যে রাস্তায় নেমে আসে। লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব নিয়ে উইসকনসিনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে রায়ট অবস্থা বিরাজ করছে। এর জের ধরেই ওরেগনের পোর্টল্যান্ডে সহিংসতা ঘটেছে। একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এসব নগরে থেমে থেমে মিছিল-সমাবেশ হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এমন রায়ট অবস্থা তাঁরা দেখেননি। নিউইয়র্ক, শিকাগোসহ আমেরিকার সব বড় নগরীতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা রাজপথে। এর সঙ্গে যোগ দিচ্ছেন উদারনৈতিক নাগরিক আন্দোলনের লোকজন। সব কটি সমাবেশ থেকেই সহিংসতা ও লুটপাটের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এঁদের সবাইকে নৈরাজ্যবাদী বলে উল্লেখ করছেন। ফেডারেল সেনা পাঠিয়ে আন্দোলন দমন করার হুমকি দিচ্ছেন।
দেশের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এসব সহিংসতা বা উত্তেজনা প্রশমনের জন্য এখনো কিছুই বলেননি। তিনি শ্বেতাঙ্গ সমর্থকদের অস্ত্র নিয়ে মিছিল করাকে সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রাপ্ত অধিকার বলে উল্লেখ করছেন। তিনি নির্বাচিত হলেই যুক্তরাষ্ট্রের লোকজনের এ অস্ত্র রাখার সাংবিধানিক অধিকার সংরক্ষিত থাকবে বলে বলছেন।
কেনোশা নগরীর মেয়র জন এন্তারামিয়ান আগেই বলেছেন, ‘আমরা সব সময়েই যেকোনো প্রেসিডেন্টকে আমাদের নগরীতে স্বাগত জানাই। তবে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সফর কাম্য নয়।’
উইসকনসিনের রাজ্য গভর্নর টনি এভার্স ৩০ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া এক চিঠিতে তাঁর রাজ্য সফর বাতিল করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, প্রেসিডেন্টের এ সফর তাঁদের নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে বাধা হয়ে দাঁড়াবে।
রাজ্য গভর্নরের অনুরোধের পরও প্রেসিডেন্ট ট্রাম্প উইসকনসিন সফর করবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। শ্বেতাঙ্গ রক্ষণশীলদের নিয়ে তিনি সেখানে সভা করবেন। ৩০ আগস্ট রাতেই এক টুইটবার্তায় উইসকনসিনের গভর্নরকে বাম নৈরাজ্যবাদী হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে তিনি পোর্টল্যান্ডের মেয়রকেও টুইটবার্তায় আক্রমণ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প যখন উইসকনসিনে যাবেন, সে সময় জো বাইডেন সফর করবেন পেনসিলভানিয়ায়। যে নগরে একসময় বাস করতেন জো বাইডেন, তার কাছেই একটি প্রান্তিক শহরে সমর্থকদের নিয়ে সভা করবেন তিনি। ডেমোক্র্যাটদের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রের এ কঠিন সময়ে নাগরিকদের ঐক্য ও সংহতির আহ্বান জানাবেন।
জো বাইডেনের ক্যাম্পেইন কো-চেয়ারম্যান কার্ডিক রিচমন্ড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ভেঙে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পুনর্নির্বাচিত হয়ে এ ভেঙে পড়াকে কীভাবে তিনি গড়বেন? জো বাইডেন পেনসিলভানিয়া থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে বিভেদের ক্ষত থেকে নিরাময়ের আহ্বান জানাবেন বলে রিচমন্ড জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ আগস্ট আরেকটি টুইটবার্তায় জো বাইডেনের সমালোচনা করে বলেছেন, শেষ পর্যন্ত বেসমেন্ট থেকে ১০ দিন পর বাইডেন বেরিয়ে আসছেন। বাইডেনের পক্ষে জনমত দ্রুত নামছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘আমাদের প্রিয় আমেরিকা একজন স্মার্ট, দ্রুতগতির এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর প্রেসিডেন্ট চায়।’
জো বাইডেন ৩০ আগস্ট দেওয়া এক বিবৃতিতে পোর্টল্যান্ডে সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ডান-বাম নয়, যেকোনো নামে সহিংসতার আমি নিন্দা জানাই।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একই অবস্থান নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
বাইডেন বলেন, ‘আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করার দেশ হতে চাই না। আমাদের মধ্যে মতের অমিল হলে কাউকে হত্যা করাকে সমর্থন করার দেশ আমরা হতে চাই না। একজন প্রেসিডেন্টের দায়িত্ব উত্তেজনা প্রশমন করা। মতভেদে জড়িয়ে পড়া নাগরিকদের ঐক্যবদ্ধ করা। যুক্তরাষ্ট্রের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, শুধু যাদের মতের মিল আছে, তাদেরই সমর্থন করা কোনো প্রেসিডেন্টের কাজ হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বেপরোয়াভাবে তা–ই করছেন।’
যুক্তরাষ্ট্রের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, শুধু যাদের মতের মিল আছে, তাদেরই সমর্থন করা কোনো প্রেসিডেন্টের কাজ হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বেপরোয়াভাবে তা–ই করছেনজো বাইডেন