সহিংসতার জন্য দায়ী অস্ত্রের সহজলভ্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ হতাহতের মতো সহিংস ঘটনা ঘটছে। এর জন্য কি বন্দুকের বা আগ্নেয়াস্ত্রের শিথিল আইন নাকি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা দায়ী। লাস ভেগাস এবং সর্বশেষ টেক্সাসে ৫ নভেম্বর একটি গির্জায় বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এমন প্রশ্ন সামনে চলে এসেছে।
২৬ বছর বয়সী ডেভিন প্যাট্রিক কালো কাপড়ে শরীর ঢেকে আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গির্জায় হামলা চালান। এই বন্দুকের জন্য প্যাট্রিকের কাছে কোনো অনুমতিপত্র ছিল না।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বন্দুকের বা অস্ত্রের মালিকানা এই সহিংসতার কোনো উপাদান নয়। বরং এসব ঘটনার জন্য বন্দুকধারীর মানসিক স্বাস্থ্য দায়ী। তিনি বলেন, আমেরিকাতে মানসিক সমস্যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
নিউইয়র্কের একটি স্থানীয় পত্রিকার সঙ্গে কথা বলার সময় জিফোর্ডস্ ল’ সেন্টার টু প্রিভেন্ট গান ভায়োলেন্সের অ্যাটর্নি হ্যান্না সিয়ারার বিষয়টিকে আমেরিকা বন্দুক সহিংসতার মহামারি হিসেবে উল্লেখ করেন।
আমেরিকা মূলত আগ্নেয়াস্ত্র-জনিত সহিংসতার সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যায় আমেরিকা জর্জরিত। বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় আমেরিকায় আগ্নেয়াস্ত্র-জনিত সহিংসতায় ২৫ গুণ মানুষ বেশি মারা যান। এত বেশি অপমৃত্যুর জন্য অনেকেই আমেরিকায় আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করেন। অন্যান্য দেশে কদাচিৎ এ ধরনের ঘটনা ঘটে। কারণ সেসব দেশে এত সহজে কোনো অনুমতিপত্র ছাড়াই আগ্নেয়াস্ত্র কেনা যায় না।
আমেরিকায় গির্জার মতো প্রার্থনা গৃহে যেতেও মানুষ নিরাপত্তাজনিত দুশ্চিন্তায় ভোগেন। অন্যান্য দেশে এ ধরনের সমস্যা তেমন প্রকট নয়। আগ্নেয়াস্ত্র প্রাপ্তির ক্ষেত্রে কঠোর আইন প্রণীত হলে আমেরিকায় এ ধরনের গণহত্যা বিপুলভাবে হ্রাস পাবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় মানসিক সমস্যাও যে বেশ প্রকট তা অস্বীকার করা যায় না। কিন্তু বন্দুক বা আগ্নেয়াস্ত্র-জনিত সহিংসতার জন্য মানসিক সমস্যাকে একক ভাবে দায়ী করা ঠিক হবে না। বন্দুক হাতের কাছে না থাকলে চরম মানসিক রোগীর পক্ষেও গণহত্যা চালানোর কোনো সুযোগ থাকে না। এ বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে¡ যথাযথ পদক্ষেপ নেওয়া আমেরিকার আইন-প্রণেতাদের দায়িত্ব।