সাঁড়াশি আক্রমণের মুখে টেড ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে রিপাবলিকান পার্টির প্রথম প্রাক-নির্বাচন আইওয়া ককাস। এর ১৮ দিন আগে গতকাল বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনার নর্থ চার্লসটনে সম্ভাব্য সাতজন রিপাবলিকান প্রার্থীর মধ্যে ষষ্ঠ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কের কেন্দ্রে ছিলেন টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর টেড ক্রুজ। বেশির ভাগ সময় তাঁকে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী, ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও সাঁড়াশি আক্রমণ করেন।

জনমত জরিপে জাতীয়ভাবে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও আইওয়াতে সবার ওপরে রয়েছেন ক্রুজ। এ কারণেই ট্রাম্প ক্রুজের ওপর আক্রমণ চলেছে বেশি। সর্বশেষ আক্রমণ হয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্রুজের আইনগত যোগ্যতা নিয়ে। মার্কিন শাসনতন্ত্র অনুসারে শুধুমাত্র জন্মগতভাবে আমেরিকান এমন নাগরিকই প্রেসিডেন্ট হতে পারবেন। ক্রুজের জন্ম কানাডায়। তাঁর বাবা কিউবান ও মা আমেরিকান। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম না হওয়ায় প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে ক্রুজের আইনগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ। কোনো কোনো আইনজ্ঞ তাঁকে সমর্থনও করেছেন।

তবে আক্রমণের মুখেও গতকালের বিতর্কে ক্রুজ নানাভাবে নিজের যোগ্যতা প্রমাণে ব্যস্ত ছিলেন। তাঁর মা আমেরিকান, অতএব তিনি জন্মগতভাবে আমেরিকান—এই ছিল তাঁর যুক্তি। ক্রুজ এমন কথাও বলেন, ট্রাম্পের নিজের মাও স্কটল্যান্ডের। সে কথা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, তিনি অন্য কোনো দেশে নন, আমেরিকায় নিউইয়র্কের কুইন্সে জন্মেছেন।

ট্রাম্প বারবার ক্রুজকে নিজের বন্ধু বলে পরিচয় দেন ও তাঁকে খুবই পছন্দ করেন বলে আশ্বাস দেন। তিনি বারবার উদ্বেগ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর আইনসিদ্ধতার প্রশ্ন উঠতে পারে। আদালতে সেই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারবেন না।

বিশেষজ্ঞেরা বলছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে ট্রাম্প চাইছেন ভোটারদের মনে ক্রুজের ব্যাপারে সন্দেহ জাগাতে। গতকালের বিতর্কে তাঁকে সে কাজে সাহায্য করতে এগিয়ে আসেন সিনেটর মার্কো রুবিও। তিনি দর্শক শ্রোতাদের মনে করিয়ে দেন অভিবাসন প্রশ্নে এখন ক্রুজ যত শক্ত কথা বলুন না কেন, এ ব্যাপারে তাঁর আগের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। শুধু অভিবাসন নয়, বাণিজ্য ও সামরিক বাজেট প্রশ্নেও ক্রুজ তাঁর অবস্থান বদলে নিয়েছেন।

রুবিও স্মরণ করিয়ে দেন, সম্প্রতি শস্যবীমা প্রশ্নে ক্রুজ তাঁর অবস্থান পাল্টেছেন। কারণ তিনি টের পেয়েছেন, এই প্রশ্নে অবস্থান বদলালে কৃষি-প্রধান আইওয়াতে তাঁর রাজনৈতিক সুবিধা হবে। জোরালো প্রতিবাদ করে ক্রুজ বলেন, রুবিও যা বলছেন, এর অর্ধেকের বেশি মিথ্যা।

এই রাতে নিউইয়র্ক মূল্যবোধ নিয়েও ট্রাম্প ও ক্রুজের মধ্যে বাদানুবাদ হয়। নিউইয়র্ক সামাজিকভাবে উদার ক্রুজের এই মন্তব্যকে অত্যন্ত অপমানজনক বলেন ট্রাম্প। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর এই শহর যেভাবে নিজেকে ধুলো থেকে তুলে ধরে তার দীর্ঘ বিবরণ তুলে ধরেন ট্রাম্প।

মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে ঢালাও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করায় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের আক্রমণের মুখে পড়েন। বুশ মনে করিয়ে দেন, সৌদি আরব, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমেরিকার মিত্র। তাদের সবাইকে বাদ দিয়ে একা আমেরিকার পক্ষে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই বাস্তবসম্মত নয়। তিনি মুসলিম নিষিদ্ধের ব্যাপারে ট্রাম্পের অবস্থানকে পাগলামি বলে চিহ্নিত করেন। ওই বিতর্কের সঞ্চালক মনে করিয়ে দেন, বুশ এর আগেও ট্রাম্পের বক্তব্যকে পাগলামি বলেছিলেন। তার পরপরই সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের জনপ্রিয়তা আট শতাংশ বেড়ে যায়। এ সময় ট্রাম্প মৃদু হেসে বলেন, আট নয়, ১১ শতাংশ।

বিতর্কের পর সিএনএনের নেওয়া এক তাৎক্ষণিক জনমত জরিপে ট্রাম্পকে জয়ী নির্ধারণ করা হয়। সামান্য ব্যবধানে তাঁর পেছনে রয়েছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও।