সাংবাদিক কিরণের সফল অস্ত্রোপচার

ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ রাতে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এর আগে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে অ্যাস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তিনি স্ট্রোক করেছেন।
চিকিৎসকেরা জানান, সবকিছু ঠিক থাকলে আকবর হায়দার কিরণ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সাংবাদিক কিরণের বন্ধু কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমেদ চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানান। রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিন ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করা জরুরি হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক কিরণকে ম্যানহাটনে স্থানান্তর করে মাত্র দুই ঘণ্টার মধ্যে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে সক্ষম হন।
কিরণ এখন চেতন-অবচেতন দশার মধ্যে রয়েছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় সবকিছু ঠিক থাকলে আকবর হায়দার কিরণের স্বাভাবিক জীবনে ফেরার জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।