সাংবাদিক নিখোঁজের ঘটনায় নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ

ঢাকায় নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের উদ্ধারে প্রশাসনের রহস্যজনক ঢিলেমি এবং বিভিন্ন ঘটনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব একাংশের সভাপতি দর্পণ কবীর। সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান ও প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ‘গুম’ সংস্কৃতিতে প্রবাসের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিক উৎপল দাস এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ। তাঁর উদ্ধারের দাবিতে দেশের সাংবাদিকেরা আন্দোলন করছেন। অথচ এতে প্রশাসনের টনক নড়ছে না। একজন গণমাধ্যমকর্মী এত দিন ধরে নিখোঁজ থাকাটা পুরো গণমাধ্যমের জন্যই অশনি সংকেত। এতে কথা বলার মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় অবিলম্বে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে উদ্ধারে তড়িৎ ও কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা।