সাংবাদিক রিতার ফেরাটাই মিরাকাল

অপরিসীম জীবনীশক্তিই বাঁচিয়ে রাখতে পারে একজন মানুষকে। আর তেমনটাই ঘটেছে প্রথম আলোর সাংবাদিক ও লেখক এইচ বি রিতার বেলায়।
লিভার ফেইলিওরের কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন রিতা। হাসপাতাল কর্তৃপক্ষ রিতাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। রিতা তখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সে সময় নিউইয়র্কের ম্যানহাটন শহরে কয়েক ঘণ্টার জন্য লোডশেডিং হলো। যুক্তরাষ্ট্রে সচরাচর এমনটা ঘটে না। ওই লোডশেডিংয়ের সময় একজন মুমূর্ষু রোগী মারা যান। তিনি তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দান করে গিয়েছিলেন। আর সিরিয়ালে থাকা প্রায় ৩০ রোগীকে পেছনে ফেলে সেই ব্যক্তির দান করা লিভারটি শুধু রিতার সঙ্গেই ম্যাচ করল। এরপর অতি দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করা হলো রিতার। সফল অস্ত্রোপচারের পর রিতার জ্ঞান ফিরেছে।
রিতা গত কয়েক মাস ধরে জটিল রোগ ‘স্টিল’ বা লিউপাসে ভুগছিলেন। চিকিৎসার জন্য বিশেষ ধরনের স্টেরয়েড নিতে হচ্ছিল রিতাকে। স্টেরয়েডের প্রভাবে কয়েক মাসে রিতার সারা শরীর ফুলে যায়। কিন্তু অসাধারণ জীবনীশক্তি ছিল রিতার। অসুস্থতা সত্ত্বেও প্রথম আলো কার্যালয়ে নিয়মিত আসতেন রিতা। প্রথম আলোর যেকোনো অনুষ্ঠানে সক্রিয় থাকতেন। বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখতেন। এমনকি হাসপাতালের স্ট্রেচারে শুয়েও প্রথম আলোর জন্য লিখেছেন রিতা। কারণ তিনি কাজকে ভালোবাসতেন। চিকিৎসক প্রয়োজন ছাড়া রিতাকে বাইরে না যেতে বলেছিলেন। কারণ লিউপাস রোগে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। তবু প্রচণ্ড মনোবল ছিল রিতার। চিকিৎসকদের চেষ্টা, মানুষের ভালোবাসা আর সৃষ্টিকর্তার ইচ্ছায় রীতা সুস্থ হচ্ছেন। অস্ত্রোপচার পরবর্তী জটিলতা কাটাতে রিতাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।

১৮ জুলাই উত্তর আমেরিকা প্রথম আলো অফিসের বৃহস্পতিবারের সাপ্তাহিক আড্ডায় রিতাকে নিয়ে আলোচনা হয়। সেখানে ছিলেন, প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। ছিলেন মাহবুবুর রহমান, রোকেয়া দীপা, মনিজা রহমান, ইশতিয়াক রূপু, হেলিম আহমেদ, সানজিদা উর্মি, তুহিন চৌধুরী, আব্দুস শহীদ, আহমাদ মাযহার, দেবাংশু হোর, রোমেনা লেইস, বার্ণাজেট গোমেজ শুভ্রা, সমৃদ্ধি হোর, শেলী জামান খান, রওশন হক, আরিফ মাহমুদ শৈবাল, রুহুল আমীন, কামরুন নাহার রীতা, তাহরিনা পারভীন প্রীতি, মনজুরুল হক, নুরুল গনী নজরুল, মো. সাদিকুর রহমান সুফিয়ান, পাপী মনা ও মরিয়ম মারিয়াসহ অনেক কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও সহকর্মীরা।
অনুষ্ঠানে রিতার জন্য মোনাজাত করা হয়। আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, জীবনের ভয়ংকর সময়ে সম্পাদককে, ‘দিস ইজ দ্য টাইম টু সে গুডবাই’ বলেছিলেন রিতা। লেখক ও সম্পাদক আহমাদ মাযহার বললেন, ‘জীবনের কঠিনতম সময়েও রিতা মাথা ঠান্ডা রেখে একটার পরে একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।’ অনুষ্ঠানে সবাই আশা করেন, সুস্থ হয়ে রিতা আবারও সক্রিয় হবেন।