সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমানের দাফন সম্পন্ন

প্রবীণ সাংবাদিক ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক আন্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ জানুয়ারি বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ম্যারিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ ম্যারিল্যান্ডে দাফন করা হয়েছে।
মরহুম সৈয়দ জিয়াউর রহমানের জানাজার নামাজ ২ ফেব্রুয়ারি জোহরের নামাজের পর ম্যারিল্যান্ডে এমসিসি মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন এমসিসির ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ। পরে জর্জ ওয়াশিংটর এমটি লেবানন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
সৈয়দ জিয়াউর রহমান ১৯৭৬ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে যোগ দেন। ২০১১ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত ওই প্রতিষ্ঠানেই নিয়োজিত ছিলেন। তিনি ওয়াশিংটনের ডাইরি, মিতালী ইত্যাদিসহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন। নিয়েছেন অনেক বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার, যাদের মধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও রোনাল্ড রিগান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, অমর্ত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানারা ইমাম, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, সাইয়িদ আতিকুল্লাহসহ আরও অনেকে রয়েছেন।
সৈয়দ জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছায় জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির ঊদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্বও পালন করেন বহুদিন।
সৈয়দ জিয়াউর রহমানের মৃত্যুতে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।