সাংবাদিকদের ওপর আবার চটেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাংবাদিকদের ওপর চটেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সাংবাদিকেরা তাঁকে সব সময় শক্ত প্রশ্ন করেন। আর ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে করা হয় সোজাসাপ্টা প্রশ্ন। ওই সব প্রশ্ন যেকোনো শিশুকেই করা যায় বলে তিনি মন্তব্য করেছেন।
৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যম নিয়ে এভাবেই নিজের নিজের ক্ষোভের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ‘দ্য আটলান্টিক’ সাময়িকীর একটি প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় মার্কিন সেনাদের কবরস্থান পরিদর্শনের কথা ছিল ট্রাম্পের। কিন্তু তিনি সেখানে যাননি। অজুহাত দেওয়া হয়েছিল, বৃষ্টির জন্য হেলিকপ্টারে যেতে পারেননি। ড্রাইভ করেও তাঁকে ওখানে নিয়ে যাওয়া নাকি সম্ভব ছিল না।
দ্য আটলান্টিক ৩ সেপ্টেম্বরের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে, এসব কোনো অজুহাতই সঠিক নয়। ট্রাম্প সেনা স্মৃতির কবরস্থানে যাননি ভিন্ন কারণে। এমনিতেই তাঁর অগোছালো মাথার চুল দমকা বাতাসে আরও এলোমেলো হয়ে যাবে বলে যাননি তিনি। এ ছাড়া ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি যাবেন কেন? যুদ্ধে মারা যাওয়া সৈনিকেরা তো এমনিতেই লুজার্স (পরাজিতের দল)।
যুক্তরাষ্ট্রের যুদ্ধে নিহত লোকজনকে নিয়ে ট্রাম্পের এমন অবজ্ঞার মন্তব্যে দেশটির নানা মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউস থেকে দ্রুত এ সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে দ্রুতই তাঁর চেহারা বদলে যায়। তিনি দ্য আটলান্টিক সাময়িকীকে দ্বিতীয় শ্রেণির ম্যাগাজিন হিসেবে উল্লেখ করেন।
বাইডেনকে যে প্রশ্ন করা হয়েছে, তা শিশুদের উপযুক্ত করে তৈরি করা। আমি আসলেই মনে করি, বিষয়টি অপমানের
ট্রাম্প ৪ সেপ্টেম্বর সকালে জো বাইডেনের সংবাদ সম্মেলন দেখেছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ওখানে তো কাউকে এমন করে প্রশ্ন করতে দেখা যায়নি। যেসব প্রশ্ন বাইডেনকে করা হয়েছে, তা যেকোনো শিশুকে করা যায়। ট্রাম্প বলেন, ‘ওখানে সাংবাদিকের হাসি হাসি মুখ দেখা যায় প্রশ্ন করার সময়। হোয়াইট হাউসের ব্রিফিং রুমের সাংবাদিকদের হাত দিয়ে দেখিয়ে বলেন, কী মনে করেন আপনারা?’
ডোনাল্ড ট্রাম্প বলেন, এসব দেখে মনে হচ্ছে, আমার জন্য বিষয়টি অপমানের। বাইডেনকে যে প্রশ্ন করা হয়েছে, তা শিশুদের উপযুক্ত করে তৈরি করা। আমি আসলেই মনে করি, বিষয়টি অপমানের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে আক্রমণ করা নতুন কিছু নয়। তিনি সব সময় অভিযোগ করে আসছেন, সংবাদমাধ্যম তাঁর বিপক্ষে লেগে আছে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে আক্রমণ করা নতুন কিছু নয়। তিনি সব সময় অভিযোগ করে আসছেন, সংবাদমাধ্যম তাঁর বিপক্ষে লেগে আছে। দ্য আটলান্টিক সাময়িকীর প্রতিবেদনকে ধাপ্পাবাজি উল্লেখ করে তিনি বলেন এরা তাঁর নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায়।
জো বাইডেনকে ডোনাল্ড ট্রাম্প স্লিপি বাইডেন বলে আসছেন। এ সপ্তাহে নতুন নাম দিয়েছেন জো হাইডেন। অথচ জো বাইডেন সশরীরে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাঁর প্রতিটি প্রচারণা বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন গ্রহণ করছেন। ৪ সেপ্টেম্বরও তিনি নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। বাইডেন বলেছেন, নিজের ছাড়া কোনো বিষয়ের প্রতি ট্রাম্পের কোনো আনুগত্য নেই।