সাংবাদিকদের ওপর আবার চড়াও ট্রাম্প
সাংবাদিকদের আবারও একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার টুইটার বার্তায় আবারও সাংবাদিকদের ওপর চড়াও হলেন তিনি।
সম্প্রতি ট্রাম্পের সামাজিক মিডিয়া ব্যবহার নিয়ে সমালোচনা করেন সাংবাদিকেরা। ট্রাম্পের টুইট বার্তা নিয়ে গত শুক্রবার নিউইয়র্ক পোস্ট তিন শব্দের এক সম্পাদকীয় প্রকাশ করে। এতে বলা হয়, ‘বন্ধ করুন, এবার থামুন।’ আর এতেই যেন আবারও ক্ষিপ্ত হয়ে উঠলেন ট্রাম্প।
গতকাল শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘তথাকথিত প্রেসিডেন্টের মতো আমি সামাজিক মিডিয়া ব্যবহার করি না। আমি আধুনিক প্রেসিডেন্টের মতো ব্যবহার করি।’ তিনি সামাজিক মিডিয়াকে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর মাধ্যম উল্লেখ করে টুইটে বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো কঠোর পরিশ্রম করে রিপাবলিকানসহ অন্যদের বোঝানোর চেষ্টা করছে—আমার সামাজিক মিডিয়া ব্যবহার করা উচিত নয়। তবে তাদের মনে রাখা উচিত, আমি সাক্ষাৎকার, বক্তৃতা এবং সামাজিক মিডিয়া দিয়েই ২০১৬ সালে নির্বাচনে জিতেছি।’
গত সপ্তাহেই মার্কিন শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানের উপস্থাপক মিকা ব্রেজিনস্কি ও সহকারী উপস্থাপক জো স্কারবোরোকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প টুইট করেন, ‘ছয় মাস আগে যখন মিকাকে দেখেছি, মনে হচ্ছিল তার মুখ দিয়ে খারাপভাবে রক্ত ঝরছে।’ জো স্কারবোরোকে উদ্দেশ্য করে টুইট করেন, ‘সাইকো জো’। তবে এর জবাবে ওই দুই সাংবাদিক মজা করে বলেন, প্রেসিডেন্ট তাঁদের ব্যাপারে সাংঘাতিক আচ্ছন্ন।
সূত্র: বিবিসি অনলাইন।