যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতের ১৩ জন বিচারক সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার সাংবিধানিক বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।
রিচমন্ডের আদালতে গত সোমবার ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে সওয়াল-জবাব হয়। এ সময় একাধিক উদারপন্থী বিচারক নির্বাচনী প্রচারণার সময় ও পরে দেওয়া ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, প্রেসিডেন্টের কথা থেকেই স্পষ্ট, তিনি শুধু মুসলমানদের যুক্তরাষ্ট্রে আগমন নিষিদ্ধ করতেই তাঁর নির্বাহী আদেশটি জারি করেছিলেন। সে হিসেবে এটি বৈষম্যমূলক।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই তড়িঘড়ি এক নির্বাহী আদেশে সিরিয়ার শরণার্থীসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। ওই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের আদালতে মামলা ঠুকে দেওয়া হয়। ম্যারিল্যান্ডের একটি ফেডারেল আদালতের নির্দেশে ট্রাম্পের নির্বাহী আদেশের বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ট্রাম্প প্রশাসন আদেশটি সংশোধন করে দ্বিতীয়বার ইরাককে বাদ দিয়ে বাকি ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। হাওয়াই অঙ্গরাজ্যের অন্য একটি ফেডারেল আদালত সেই আদেশের বাস্তবায়নও স্থগিত করেন।
রিচমন্ডের চতুর্থ সার্কিট আদালতে যে শুনানি হয়, তা ছিল ম্যারিল্যান্ডের আদালতের আরোপিত স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল। শুনানিতে যেসব বিচারক অংশ নেন, তাঁদের অধিকাংশই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্লিনটন ও ওবামার সময়ে মনোনীত। উদারপন্থী এসব বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের বক্তব্য উপস্থাপন করে বলেন, তাঁর (ট্রাম্প) মন্তব্য থেকে স্পষ্ট, প্রেসিডেন্ট ‘মুসলিম নিষিদ্ধকরণের’ কথাই বলেছেন। বিচারকেরা প্রশ্ন তোলেন, বৈষম্যমূলকভাবে শুধু একটি ধর্মীয় গোষ্ঠীকে আলাদাভাবে চিহ্নিত করা অসাংবিধানিক। ফলে এই আদেশ কেন অবৈধ বিবেচিত হবে না?
রিচমন্ডের আদালত সিদ্ধান্ত জানানোর তারিখ দেননি। এই আদালত যদি ভার্জিনিয়ার আদালতের নির্দেশ প্রত্যাখ্যান করে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা মেনে নেন, তারপরও ট্রাম্প প্রশাসনকে হাওয়াইয়ের আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল মামলায় জিততে হবে। আগামী সপ্তাহে সিয়াটলে একটি ফেডারেল আপিল আদালতে হাওয়াইয়ের আদালতের সেই নির্দেশ নিয়ে শুনানি হবে।
মুসলিম নিষেধাজ্ঞা ওয়েবসাইট থেকে উধাও
যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভ্রমণ নিষেধাজ্ঞাবিষয়ক ট্রাম্পের বিবৃতি সরিয়ে নেওয়া হয়েছে তাঁর নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট থেকে। নির্বাচনের পর একবার তা প্রত্যাহার করা হলেও পুনরায় যুক্ত করা হয়। সোমবার শন স্পাইসারের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা যে এখনো অনলাইনে আছে, সে বিষয়ে তিনি অবগত নন।
এর কিছুক্ষণ পরই নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়টি ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায়।