সাংসদ গ্লোরিয়াকে খ্রিস্টান সম্প্রদায়ের সংবর্ধনা

দেশের সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারকে নিউইয়র্কের ইউনাইটেড বাংলা লুথারেন চার্চ অব আমেরিকায় বাঙালি খ্রিষ্টান কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক এসেছেন।
২২ সেপ্টেম্বর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন রেভা. জেমস রয়, রেভা. জোসেফ ডি বিশ্বাস, কেলভিন মণ্ডল, জেমস নির্মল সরকার ও জর্জ পিন্টু অধিকারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইভানজেলিক্যাল বেঙ্গলি চার্চের প্যাস্টর রেভা. জোসেফ ডি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে তিনি কলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সমাজ থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণাকে সংরক্ষিত নারী আসনে সাংসদ হওয়ার সুযোগ দিয়ে সবাইকে সম্মানিত করেছেন এবং আমাদের প্রত্যাশার কিছুটা হলেও পূরণ করেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড বাংলা লুথারেন চার্চ অব আমেরিকার প্যাস্টর রেভা. জেমস রয়। শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বাংলা বাইবেল চার্চের পালক রেভা. ড. লিওনার্ড বিপ্লব দাস। প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন ফার্স্ট বাংলা ব্যাপ্টিস্ট চার্চের সাবেক পালন রেভা. ডমিনিক ঢালী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানোর সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান। অনুষ্ঠানে গ্লোরিয়া ঝর্ণা ও উপস্থিত বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রাইস্ট বাংলা চার্চের পালক ড. রেভা. প্রদীপ দাস, জেমস নির্মল সরকার, জোসেফ হাওলাদার, মিসেস টনা ভৌমিক প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন ফাদার স্ট্যানলি আদি গোমেজ, অ্যাটর্নি অশোক কর্মকার, মো. জাকির হোসেন প্রমুখ। বক্তারা মানব সেবা, গণতন্ত্র, ন্যায্যতা, উন্নয়ন, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে বক্তৃতা করেন ও গ্লোরিয়া ঝর্ণার কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জন্মস্থান, শিক্ষা, মানব কল্যাণে তাঁর স্বপ্ন, রাজনীতিতে অংশগ্রহণ, মানুষের প্রতি ভালোবাসা, তাঁর প্রতি মানুষের সমর্থন, জনসেবায় তাঁকে প্রধানমন্ত্রীর সুযোগ দেওয়া ইত্যাদি বিষয়ে কথা বলেন।
সভাপতি প্যাস্টর রেভা. জেমস রয় তাঁর বক্তব্যে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খ্রিষ্টফার অধিকারীর সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।