সাংসদ রাজীর সঙ্গে কুমিল্লার সোসাইটির মতবিনিময় সভা

আমেরিকা সফররত কুমিল্লা-৪ আসনের (দেবিদ্বার) সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক। ১৩ নভেম্বর জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন। যৌথভাবে সভা পরিচালনা করেন সাবেক সভাপতি অধ্যাপক মনির হোসেন খান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব উর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, জ্যেষ্ঠ সহসভাপতি খবিরউদ্দিন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম, ইয়ার আহমেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনকের সাবেক সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরী, সহসভাপতি আসাদুল্লাহ, দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (ভিপি), বৃহত্তর কুমিল্লা সমিতির সহসভাপতি মিয়া মোহাম্মদ দুলাল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার।
কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়েলো সোসাইটির সভাপতি আবদুল আউয়াল ভূঁইয়া, কুমিল্লা মহানগর সোসাইটির সভাপতি ইসতিয়াক রুমি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক আসিফ মামুন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি শাহাদৎ হোসেন, বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশনার ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক গণসংযোগ ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রচার সম্পাদক এম এ সিদ্দিক প্রমুখ।
সভায় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৪ দেবিদ্বার তথা কুমিল্লা জেলার অবকাঠামো ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উপস্থিত অনেকের প্রশ্ন ছিল ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের। প্রবাসীদের এ দাবির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করে বলেন, ‘কুমিল্লার উন্নয়নে আমাদের রয়েছে দীর্ঘ পরিকল্পনা। ইতিমধ্যে অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমরা অনেক এগিয়ে।’
সাংসদ বলেন, বর্তমান সরকার গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি কুমিল্লার কল্যাণে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ক্ষেত্রে কুমিল্লা ঐতিহ্য বরাবরই। আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারছে না। তিনি প্রত্যেককে নিজ নিজ এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে। মতবিনিময় সভায় রাজী মোহাম্মদ ফখরুলকে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের আজীবন সম্মানিত সদস্যপদ দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা।