সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশ সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী আন্তর্দেশীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ
উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী আন্তর্দেশীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ

সবাইকে তাক লাগিয়ে রঙের আলোয় এক ঝাঁক বাংলাদেশি তরুণী-তরুণী আমেরিকা জয় করেছেন। ১৮ নভেম্বর আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ে ক্যাক থিয়েটার হলে আলো-আঁধারি মঞ্চে ভিন্নধর্মী আন্তর্দেশীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। 
উচিটা স্টেট বিশ্ববিদ্যালয় গ্লোবাল মেন্টরস, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এই ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়াসহ সাতটি দেশ অংশ নেয়। এতে উচিটা স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক ঝাঁক শিক্ষার্থী তাঁদের নান্দনিক পারফরমেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এতে দ্বিতীয় হয়েছে নেপাল এবং তৃতীয় ভারত।
উচিটা শহরের চরিদিকে গা হিম হয়ে যাওয়া কনকনে শীত। শীতের দাপটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছপালার পাতা বিবর্ণ হয়ে ঝরে পড়ছে মাটিতে। বিকেল চারটা। উচিটা স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাক থিয়েটার হলের সামনে টগবগে কিছু তরুণের জটলা। সবার গায়ে নিজ নিজ দেশের সংস্কৃতির ঐতিহ্যের ধারক জামা। এর মধ্যে নেপালের টুপি কিছুটা উঁচুতে চোখে পড়ার মতো। দল বেঁধে সবাই হলের দিকে ছুটছে। হলের ভেতরে নীরবতা। সবার চোখজোড়া মঞ্চের দিকে কখন আসবে নিজ দেশের শিক্ষার্থী শিল্পীরা। 
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট (নাইজেরিয়া) গেবেমিসোলা অ্যালে মঞ্চে এসে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দেশের শিক্ষার্থীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আমেরিকা একমাত্র দেশ যেখানে রয়েছে সারা দুনিয়ার সব দেশের মানুষ। ঠিক তেমনিভাবে উচিটা বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানান ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থী। উচ্চশিক্ষা নিতে এসে যেন সবাই নিজ নিজ সংস্কৃতিকে ধরে রাখতে পারি, সেদিক থেকে আজকের এই আয়োজন। এরপর শৈল্পিক নৃত্য নিয়ে মঞ্চে আসেন ভারতের এক শিক্ষার্থী। তাঁর নাচ সবাইকে মুগ্ধ করে। এরপর স্বদেশি সংষ্কৃতির নানা পরিবেশনা নিয়ে একে একে মঞ্চে আসেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা। এ যেন মাতৃভূমিকে দুহাতে ওপরে তুলে ধরার প্রতিযোগিতা। 
বিয়ের গায়ে হলুদ ‘হেনা নাইট’ সাংস্কৃতিক থিম নিয়ে মনমাতানো সাত মিনিটে বাংলাদেশর একঝাঁক সুন্দরী তরুণী নেচে-গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা যায়। অনুষ্ঠান শেষে উচিটা বিশ্ববিদ্যালয় পাঁচজন ফ্যাকাল্টি সদস্য (বিচারক) বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। বাংলাদেশের পক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন তানিয়া, আরেফা হক, সোহরাওয়ার্দী ইমন, রোমানা, শারমিন, প্রিন্স মহিউদ্দিন ও সাদ রহমান। 
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া বলেন, ‘এই জয় বাংলাদেশের জয়। সারা পৃথিবীর মানুষের কাছে হাজার বছরের বাঙালি ঐতিহ্য তুলে ধরতে আমাদের এই উপস্থিতি।’ 
অনুষ্ঠানের ফাঁকে চীন, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতসহ নানা দেশের শিক্ষার্থীরা ফ্যাশন শোতে অংশ নেন।